আশির দশকের জনপ্রিয় মার্কিন অভিনেত্রী জেনিফার রানিয়ন আর নেই। গত ৬ মার্চ ৬৫ বছর বয়সে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। ‘ঘোস্টবাস্টার্স’ চলচ্চিত্র এবং সিবিএসের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘চার্লস ইন চার্জ’-এ অভিনয়ের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছিলেন।

অভিনেত্রীর ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী এরিন মারফি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, বেশ কিছুদিন ধরে তিনি মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন।
১৯৬০ সালে শিকাগো শহরে এক শিল্পী পরিবারে জন্মগ্রহণ করেন জেনিফার রানিয়ন। ১৯৮০ সালে ‘টু অল আ গুড নাইট’ নামের একটি ভৌতিক ঘরানার চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় তার অভিনয়জীবনের সূচনা হয়। তবে ১৯৮৪ সাল ছিল তার কর্মজীবনের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। ওই বছর তিনি জনপ্রিয় হাস্যরসাত্মক চলচ্চিত্র ‘ঘোস্টবাস্টার্স’-এ অভিনয় করেন। একই সঙ্গে ‘চার্লস ইন চার্জ’ ধারাবাহিক নাটকের প্রথম পর্বে গুয়েন্ডোলিন পিয়ার্স চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান।
পরবর্তীতে ‘আ ভেরি ব্র্যাডি ক্রিসমাস’ নামের টেলিভিশন চলচ্চিত্রে সিন্ডি ব্র্যাডি চরিত্রে তার অভিনয়ও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পায়। এ ছাড়া ‘কোয়ান্টাম লিপ’, ‘মার্ডার, শি রোট’ এবং ‘বেভারলি হিলস, ৯০২১০’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক নাটকে অতিথি শিল্পী হিসেবেও তাকে দেখা গেছে।
ব্যক্তিগত জীবনে জেনিফার ১৯৯১ সালে বাস্কেটবল প্রশিক্ষক টড করম্যানকে বিয়ে করেন। তাদের সংসারে ওয়াট ও বেইলি নামে দুই সন্তান রয়েছে।
গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি অভিনয়জগৎ থেকে অনেকটাই দূরে ছিলেন। ২০১৪ সালে তিনি জানান, অভিনয় থেকে আংশিক অবসর নিয়ে তিনি শিক্ষকতা পেশায় নিজেকে যুক্ত করেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে এরিন মারফি বলেন, জেনিফার ছিলেন অত্যন্ত প্রাণবন্ত ও পরোপকারী মানুষ। পরিবারের প্রতি তার ভালোবাসা ও নিবেদন ছিল অসাধারণ। তার মৃত্যুতে হলিউডের একটি স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটল।
সূত্র: ভ্যারাইটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


