নির্বাচনকে ঘিরে নতুন ভোটারদের মধ্যে উৎসাহ ও আগ্রহ তৈরি করতে চাঁপাইনবাবগঞ্জে আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান—‘মেহেদি উৎসব’। এই আয়োজনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাশাপাশি জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে এই উৎসব অনুষ্ঠিত হয়। ভোটের আনন্দকে উৎসবমুখর পরিবেশে তুলে ধরতেই এ আয়োজন করা হয় বলে জানান অংশগ্রহণকারীরা।
উৎসবের ভাবনা সম্পর্কে তরুণী আসিয়া আখতার তুলি বলেন, আগের কয়েকটি নির্বাচনে ভোট দেওয়ার বাস্তব সুযোগ না থাকায় ভোট নিয়ে মানুষের আগ্রহ ছিল না। ভোটের দিন এলেও কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ তৈরি হয়নি। তবে এবারের পরিস্থিতি একেবারেই আলাদা। চারদিকে ভোটার হওয়ার এক নতুন উদ্দীপনা দেখা যাচ্ছে। তরুণদের পাশাপাশি প্রবীণরাও ভোট নিয়ে আলোচনা করছেন এবং ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। এই পরিবর্তিত বাস্তবতাকেই সামনে রেখে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে।
আরেক শিক্ষার্থী সুমাইয়া রেজা বলেন, নতুন দেশের প্রেক্ষাপটে নতুনভাবে ভোট দেওয়ার সুযোগ পাওয়ার অনুভূতিটাই আমাদের কাছে আনন্দের। ভোট দেওয়াটা এখন আর শুধু দায়িত্ব নয়, বরং উৎসবের মতো মনে হচ্ছে। ঈদের দিনের মতো হাতে মেহেদি দিয়ে আমরা আনন্দ আর আশার সঙ্গে ভোটকেন্দ্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমাদের কাছে এই ভোট একটি ঐতিহাসিক মুহূর্ত, যা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাওয়ার প্রতীক।
আয়োজক সাব্বির আহমেদ জানান, মেহেদি উৎসবে শিক্ষার্থীরা হাতে হাতে বিভিন্ন প্রতীক ও স্লোগান এঁকে নিচ্ছেন। দীর্ঘ সময় পর এ ধরনের আয়োজন নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করেছে। ঈদের মতো উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


