জুমবাংলা ডেস্ক : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের ধারাবাহিক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সেই সঙ্গে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন দলটি। বুধবার (১৮ ডিসেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে।

Advertisement

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম নগরীতে ছাত্রদল কর্মী জসিমউদ্দীনকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাতে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। জসিমউদ্দীন জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী হিসেবে ছাত্রদলের রাজনীতিতে যুক্ত ছিলেন। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান সংগঠিত করতে জসিম বীরোচিত ভূমিকা পালন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহিদ জসিমউদ্দীনের খুনের ঘটনায় গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন।

এতে আরও বলা হয়, সম্প্রতি গাজীপুরের কালিয়াকৈরে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাজবির হোসেন শিহান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী মো. ওয়াজেদ সীমান্ত দুর্বৃত্তদের হাতে খুনের শিকার হন। তাজবির ও শিহান উভয়েই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পরাজিত শক্তি অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের টার্গেট করে গুপ্ত হত্যার মিশনে নেমেছে বলে ছাত্রদল জোরালোভাবে আশঙ্কা প্রকাশ করে বিজ্ঞপ্তিতে জানায়, পরপর কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী একইভাবে দুর্বৃত্তদের হাতে খুন হওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এছাড়া আরও কয়েকজন শিক্ষার্থী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী সন্ত্রাসীদের কাছ থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট সকলের জীবনের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে।

বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার আন্দোলনে অংশগ্রহণকারীদের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও চরমভাবে ব্যর্থ হয়েছে। গণহত্যার অভিযোগে অভিযুক্ত আসামিরা বহাল তবিয়তে পালিয়ে থেকে একে একে দেশ ছেড়েছে। কিন্তু সরকার নির্বিকার। সরকার গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করছে না।

নেতৃবৃন্দ আরও অভিযোগ করেন, ক্যাম্পাসে, আবাসিক হলে, রাস্তাঘাটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা জনসম্মুখে অবস্থান করছে, মিছিল-মিটিং করছে। কিন্তু সরকার তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। ফলে নেতৃদ্বয় অবিলম্বে অন্তর্বর্তী সরকারকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.