সুন্দরবনসহ উপকূলীয় এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড নিরলসভাবে দায়িত্ব পালন করছে। বর্তমান সরকার এ বাহিনীর সামগ্রিক উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে তাদের বহরে হেলিকপ্টার সেবা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে আগের তুলনায় বহুগুণ দক্ষতা বৃদ্ধি পাবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন। তিনি উল্লেখ করেন, বিএনপি সরকারের আমলে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে কোস্ট গার্ড প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে এ বাহিনী জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছে।
উপকূলীয় অঞ্চলের পাশাপাশি দেশের অভ্যন্তরেও বিভিন্ন দায়িত্ব পালন করছে কোস্ট গার্ড। তাদের নিয়মিত টহলের ফলে সমুদ্রপথের নিরাপত্তা জোরদার হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং সুন্দরবন সংরক্ষণেও বাহিনীটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
এ সময় মন্ত্রী গত এক বছরে সুন্দরবনে পরিচালিত বিভিন্ন অভিযান ও কার্যক্রমের বিবরণ তুলে ধরেন।
এর আগে কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক বলেন, কোস্ট গার্ড ইতোমধ্যে সর্বস্তরে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এবং দেশের স্বার্থ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি জানান, ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত বাহিনীর ১৬ জন সদস্য প্রাণ বিসর্জন দিয়েছেন।
তিনি আরও বলেন, জনবলের কিছু ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণ করা গেলে কোস্ট গার্ড আরও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে সক্ষম হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


