দেড় মাস আগেও ফ্রান্সের সর্বশেষ ম্যাচে খেলেছিলেন এদুয়ার্দো কামাভিঙ্গা। তবে আসন্ন বিশ্বকাপে তাকে ছাড়াই চূড়ান্ত দল ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ে দেশম। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার জায়গা পাননি ২৬ সদস্যের স্কোয়াডে।

উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ মে) সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেন দেশম। কামাভিঙ্গাকে না রাখার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, চোটের কারণে সে অনেক ম্যাচ খেলতে পারেনি। এখনও সে তরুণ খেলোয়াড়। দলের ভারসাম্য ও কাঠামো বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে, যদিও তার হতাশা আমি বুঝতে পারছি।
ফ্রান্স জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছেন কামাভিঙ্গা। গত মৌসুমে একাধিকবার চোটে পড়ায় ২০২৪–২৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৩৫টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। চলতি মৌসুমে অবশ্য ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার ৪১টি ম্যাচে মাঠে নেমেছেন।
স্কোয়াডে জায়গা হয়নি পিএসজির গোলরক্ষক লুকাহ শুভালিয়ে এবং ধারে টটেনহ্যামে খেলা ফরোয়ার্ড র্যান্ডাল কোলো মুয়ানিরও। তবে পিএসজি থেকে দলে রয়েছেন পাঁচজন খেলোয়াড়—ব্যালন ডি’অর জয়ী উসমান দেম্বেলে, ব্র্যাডলি বার্কোলা, দিজিরে দুয়ে, লুকা এরনঁদেজ এবং ওয়ারেন জাইরে-এমেরি।
এছাড়া দলে জায়গা পাননি ক্রিস্তোফা এনকুনকু, কিংসলে কোমান এবং উগো একিটিকেও। লিভারপুলের ফরোয়ার্ড একিটিকে গত মাসে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় মাঠের বাইরে রয়েছেন।
আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফ্রান্স। ‘আই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


