কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর গ্রামে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সুমাইয়া তাবাসসুম প্রবাসী ছালে আহমেদের দ্বিতীয় কন্যা।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে তাকে বাড়ির আশপাশে দেখা না গেলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। অনেকক্ষণ অনুসন্ধানের পর রাত আটটার দিকে পাশের বাড়ির আব্দুল খালেকের পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকির ভেতরে শিশুটিকে দেখতে পান স্বজনরা।
তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, সেপটিক ট্যাংকিতে পড়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়েছে।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মাহমুদ কাওসার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি বাড়ির পাশে একা ঘোরাঘুরি করার সময় অসাবধানতাবশত পরিত্যক্ত টয়লেটের সেপটিক ট্যাংকিতে পড়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


