কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা, লবণ চাষিদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সন্ধ্যায় কক্সবাজারের চকরিয়া পৌর বাস টার্মিনালে উপজেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
তারেক রহমান বলেন, “দুই যুগ আগে কক্সবাজারের যে সড়ক আমি দেখেছিলাম, এখনো তেমন কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। এখন সময় এসেছে এই অঞ্চলের উন্নয়নকে নতুনভাবে এগিয়ে নেওয়ার।”
তিনি আরও বলেন, সদ্য ঘোষিত বাজেটের মাধ্যমে বেকারদের কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কিছু রাজনৈতিক দল এর বিরোধিতা করছে, যা বেকার জনগোষ্ঠীর স্বার্থের বিপরীতে অবস্থান নেওয়ার শামিল।
প্রধানমন্ত্রী বলেন, তার পরিকল্পনার অংশ হিসেবে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা হবে। পাশাপাশি আগামী বাজেটে ৪২ লাখ ফ্যামিলি কার্ড এবং ৪০ লাখ কৃষকের জন্য কৃষি কার্ড বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে সভায় সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। সেখানে আরও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ ছিল নির্বাচনী প্রতিশ্রুতি। একই সঙ্গে লবণ চাষিদের প্রতি কেজিতে ন্যূনতম ১৫ টাকা মূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না এমপিসহ মন্ত্রীপরিষদের সদস্য, সংসদ সদস্য এবং দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিনে কক্সবাজার জেলার দশম উপজেলা হিসেবে মাতামুহুরি উপজেলা ও থানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



