চট্টগ্রামে ১৮ বছর আগে শিক্ষার্থী ফসিউর রহমান শাওনকে গামছা পেঁচিয়ে হত্যার দায়ে ‘গামছা পার্টি’র পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৫ এপ্রিল) বিকেলে ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস এই রায় ঘোষণা করেন।
দণ্ডিত আসামিরা হলেন—বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
অপরদিকে, মামলার এজাহার অনুযায়ী মোট আসামি ছিলেন ১৫ জন। তবে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত ১০ জন আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৭ সালের ২৪ জুলাই নগরীর জিইসি মোড় এলাকার একটি কোচিং সেন্টার থেকে হালিশহর যাচ্ছিলেন ফসিউর রহমান শাওন। পথে ছিনতাইয়ের উদ্দেশে তার সিএনজিচালিত অটোরিকশায় উঠে পড়ে ছিনতাইকারী চক্রের সদস্যরা। একপর্যায়ে তারা শাওনের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে।
এই নৃশংস ঘটনার পর শাওনের চাচা খলিলুর রহমান বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মহানগর পিপি মফিজুল হক ভূঁইয়া জানান, দীর্ঘ ১৮ বছর ধরে চলা এই মামলায় মোট ১৩ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যপ্রমাণ ও জেরা শেষে আদালত এই ঐতিহাসিক রায় দিলেন।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
শাওনের পরিবারের সদস্যরা রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারা দ্রুত এই রায় কার্যকরের দাবি জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


