চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার হওয়া দুজন হলেন—মো. মিজান ও তার সহযোগী মো. মামুন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-৭, চট্টগ্রাম।

র্যাব জানায়, গত ২৫ ও ২৬ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীর খুলশী ও বায়েজিদ বোস্তামী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, মামলার পলাতক আসামি মো. মিজান খুলশী থানার ইস্পাহানি মোড় এলাকায় অবস্থান করছে। সেই তথ্য অনুযায়ী ২৫ জানুয়ারি বিকেল ৫টা ৫৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ২৬ জানুয়ারি আরেক অভিযানে মামলার আরেক পলাতক আসামি মো. মামুনকে আটক করা হয়। তিনি বায়েজিদ বোস্তামী থানার বগুড়া নিবাস এলাকায় লুকিয়ে ছিলেন। র্যাব-৭-এর একটি দল ভোর আনুমানিক ৫টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব আরও জানায়, গ্রেপ্তার হওয়া দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে গিয়ে র্যাব সদস্যরা অতর্কিত হামলার শিকার হন। এতে চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন। তাদের দ্রুত চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে একজন র্যাব সদস্যকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত অন্য তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় র্যাব-৭ বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



