চট্টগ্রাম নগরের সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের বাসায় গিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ ও অবরোধের মুখে পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। পরে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে তিনি সেখান থেকে বেরিয়ে যান।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে দুটি গাড়িতে করে হাসনাত আবদুল্লাহ সাবেক মেয়রের বাসায় পৌঁছান। তার উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশপাশে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বাড়ির সামনে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের মতে, একপর্যায়ে বিক্ষোভকারীরা বাড়ির প্রধান ফটক ঘিরে ফেলেন এবং হাসনাত আবদুল্লাহকে অবরুদ্ধ করে রাখেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অবরুদ্ধ অবস্থায় বিএনপি নেতাকর্মীরা তার উদ্দেশে বিভিন্ন প্রশ্ন তোলেন। তারা জানতে চান, কেন তিনি আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে পরিচিত একজন নেতার বাসায় বৈঠকে এসেছেন এবং তার এই উপস্থিতির উদ্দেশ্য কী। এ সময় তারা “আওয়ামী লীগের দালালেরা সাবধান”সহ নানা স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশের উপস্থিতিতে হাসনাত আবদুল্লাহ বিক্ষোভকারীদের সঙ্গে সংক্ষিপ্ত কথা বলে এলাকা ত্যাগ করেন।
ঘটনার পর কিছু সময় এলাকাজুড়ে উত্তেজনা থাকলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে বলে জানা গেছে।
উল্লেখ্য, এম মনজুর আলম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে তিনি বিএনপি ও আওয়ামী লীগ—উভয় দলের সঙ্গেই সম্পৃক্ত ছিলেন। ২০১০ সালের সিটি নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে তিনি মেয়র নির্বাচিত হন এবং পরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তাকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতেও দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


