কুমিল্লায় চুরি করতে গিয়ে এক চোরের অদ্ভুত কাণ্ডে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। খাটের নিচে লুকিয়ে থাকার সময় ঘুমিয়ে পড়েন তিনি, আর সেই ঘুমই ডেকে আনে বিপত্তি।

সোমবার (২৭ এপ্রিল) ভোররাতে দাউদকান্দি উপজেলার গৌরিপুর ইউনিয়নের দক্ষিণ পেন্নাই গ্রামে বারেক কন্ট্রাক্টরের বাড়িতে এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনায় আসে।
জানা যায়, রাতের আঁধারে বাড়ির রান্নাঘরের বায়ু চলাচলের ফাঁক কেটে ঘরে প্রবেশ করেন ওই ব্যক্তি। ঘরের লোকজন জেগে আছে বুঝতে পেরে তিনি খাটের নিচে গিয়ে লুকিয়ে পড়েন। কিন্তু এক পর্যায়ে সেখানেই ঘুমিয়ে পড়েন তিনি।
ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে ঘরের বাসিন্দা খাটের বাইরে একটি হাত দেখতে পান। সন্দেহ হলে নিচে তাকিয়ে দেখেন একজন ব্যক্তি ঘুমিয়ে আছেন। তখন তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন।
স্থানীয়দের সহায়তায় তাকে খাটের নিচ থেকে বের করে বেঁধে রাখা হয়। পরে সকালে এলাকাবাসী তাকে মারধর করে ছেড়ে দেয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তির নাম সোহেল এবং তিনি পাশের এলাকার বাসিন্দা। জানা গেছে, তিনি আগে অন্য জায়গায় চুরির সময়ও ধরা পড়েছিলেন। তিনি নিজেই স্বীকার করেছেন যে, নেশাগ্রস্ত অবস্থায় চুরি করতে গিয়ে খাটের নিচে ঘুমিয়ে পড়েন।
স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, তাকে জাগাতে অনেক বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত মাথায় পানি ঢেলে তাকে জাগানো হয়।
এ বিষয়ে দাউদকান্দি মডেল থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা এম আব্দুল বারী বলেন, এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

