বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) খুচরা পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা করেছে, যা চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হয়েছে। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, গ্রাহকদের বিদ্যুতের ব্যবহারের পরিমাণের ওপর ভিত্তি করে ইউনিট প্রতি খরচ ভিন্ন ভিন্ন হারে নির্ধারণ করা হয়েছে।

বিদ্যুতের নতুন এই দর অনুযায়ী, লাইফলাইন গ্রাহকদের জন্য প্রথম ৫০ ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৫ টাকা ৩২ পয়সা। এছাড়া প্রথম ধাপে শূন্য থেকে ৭৫ ইউনিট পর্যন্ত ৬ টাকা ১৮ পয়সা, দ্বিতীয় ধাপে ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ৮ টাকা ৫০ পয়সা এবং তৃতীয় ধাপে ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ৯ টাকা ১০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চতুর্থ ধাপে ৩০১ থেকে ৪০০ ইউনিট ব্যবহারের জন্য ৯ টাকা ৬২ পয়সা, পঞ্চম ধাপে ৪০১ থেকে ৬০০ ইউনিটের জন্য ১৫ টাকা ১ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের বেশি ব্যবহারের ক্ষেত্রে প্রতি ইউনিট ১৭ টাকা ৩৫ পয়সা কার্যকর হবে।
নতুন এই পরিবর্তনের ফলে খুচরা পর্যায়ে বিদ্যুতের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে ১০ টাকা ৬৩ পয়সায় দাঁড়িয়েছে, যা ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি। একই সঙ্গে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ বাড়িয়ে প্রতি ইউনিট ৭ টাকা থেকে ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি)-এর সঞ্চালন বা হুইলিং চার্জ ইউনিট প্রতি ৩১ দশমিক ৩৫ পয়সা থেকে বাড়িয়ে ৩৮ দশমিক ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বিইআরসি জানিয়েছে, কমিশনের এই আদেশ জুন মাসের বিল থেকে কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে। তবে বিভিন্ন গ্রাহক শ্রেণির ক্ষেত্রে বিদ্যমান ডিমান্ড চার্জ অপরিবর্তিত রাখা হয়েছে। গত ২০ ও ২১ এপ্রিল অনুষ্ঠিত গণশুনানির প্রেক্ষিতে এবং বাজেট বাস্তবায়নের সুবিধার্থে দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



