দেশে জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি লিটার ডিজেলের দাম নির্ধারণ করা হয়েছে ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা।

শনিবার রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন দাম ঘোষণা করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। রোববার থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।
গত ১ ফেব্রুয়ারিতে নির্ধারিত দামের তুলনায় এবার সব ধরনের জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। নতুন সমন্বয়ে ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে, অর্থাৎ প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে। একইভাবে কেরোসিন ১১২ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা হয়েছে, এতে লিটারে ১৮ টাকা বেশি দিতে হবে ভোক্তাদের।
অন্যদিকে অকটেনের দাম ১২০ টাকা থেকে বেড়ে ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে, এতে প্রতি লিটারে ২০ টাকা বৃদ্ধি পেয়েছে। পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা করা হয়েছে, যেখানে লিটারে ১৯ টাকা বেশি গুনতে হবে।
এ বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে এই নতুন বিক্রয়মূল্য রোববার থেকে কার্যকর হবে।
এছাড়া প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ডিপো থেকে প্রথম ৪০ কিলোমিটারের বাইরে সড়কপথে ট্যাংকলরির মাধ্যমে জ্বালানি তেল পরিবহনের ভাড়া আগের জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


