বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৩২ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ‘বিপিএম-৬’ হিসাব পদ্ধতি অনুযায়ী দেশের প্রকৃত রিজার্ভের পরিমাণ ২৯.৬৫ বিলিয়ন মার্কিন ডলার।
চলতি মে মাসের প্রথম ১৩ দিনে প্রবাসীরা ১৭৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩৭.৫ শতাংশ বেশি। গত বছরের একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ১২৬ কোটি ৭০ লাখ মার্কিন ডলার।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ১৩ মে একদিনেই ১৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও রিজার্ভ ও রেমিট্যান্সের এ প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের স্থিতিশীলতা নির্দেশ করে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১ জুলাই থেকে ১৩ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ১০৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। একই সময়ে আগের অর্থবছরে এর পরিমাণ ছিল ২ হাজার ৫৮০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। ফলে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে ২০.৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



