স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে তেলের কোনো সংকট নেই। তবে কিছু অসাধু ব্যক্তি অনৈতিক ব্যবসার মাধ্যমে কৃত্রিমভাবে সংকট সৃষ্টি করছে বলে তিনি মন্তব্য করেন।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য সহায়তা এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করা হয়।
মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি ও সংঘাতের প্রভাব বিশ্বব্যাপী পড়লেও দেশে জ্বালানি তেলের সংকট তৈরি হয়নি। তার মতে, এই সংকট মূলত কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজির ফল। তারা তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে এবং কালোবাজারে বিক্রি করছে, যা দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর।
তিনি আরও বলেন, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সদর থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ এবং পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


