প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, দেশ বর্তমানে এক গভীর ক্রান্তিকাল অতিক্রম করছে। এই সংকট থেকে উত্তরণে সরকার নিরলসভাবে কাজ করছে এবং বিভিন্ন অর্থনৈতিক সংস্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে।

শনিবার (৬ জুন) রাজধানীর সিরডাপ মিলনায়তনে বেসরকারি সংবাদমাধ্যম ‘চরচা’ আয়োজিত ‘সংকট মুহূর্তের বাজেট ২০২৬–২৭’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা জানান, নতুন বাজেটে ৬০ হাজার কোটি টাকার ‘রিকভারি ও রিকনসিলিয়েশন’ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করতে জাতীয় স্বাস্থ্যব্যবস্থা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনায় আরও অংশ নেন বিভিন্ন অর্থনীতিবিদ, গবেষক, ব্যবসায়ী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।
অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, বন্ধ হয়ে যাওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলো পুনরায় চালু করতে সরকার ৬০ হাজার কোটি টাকার পুনর্গঠন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে তিনি একটি নতুন অর্থনৈতিক মডেল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন, যার লক্ষ্য ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা।
তিনি বলেন, সরকারের লক্ষ্য হলো “সবার জন্য বাংলাদেশ”, যেখানে অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সমাজের সব শ্রেণির মানুষের কাছে পৌঁছে যাবে।
বিনিয়োগ বাড়াতে তিনি প্রশাসনিক জটিলতা কমানো, ব্যবসাবান্ধব নীতি প্রণয়ন, দেশীয় ও রপ্তানিমুখী শিল্পের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং প্রশাসনিক সংস্কারের ওপর জোর দেন।
আলোচনায় বক্তারা উচ্চ মূল্যস্ফীতি, বিনিয়োগ স্থবিরতা ও কর্মসংস্থানের চ্যালেঞ্জের মধ্যে বাস্তবসম্মত ও সংস্কারমুখী বাজেটের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তারা কৃষি, শিল্প ও আর্থিক খাতে উৎপাদনশীল বিনিয়োগ বৃদ্ধির পাশাপাশি দীর্ঘমেয়াদি নীতিগত স্থিতিশীলতা নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা মনে করেন, সমন্বিত অর্থনৈতিক সংস্কার ও বেসরকারি খাতের বিকাশই বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির পথ সুগম করতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



