আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের সাতটি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। শুক্রবার (৮ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিকেল ৩টা ১৫ মিনিট থেকে রাত ১টার মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার এক ফেসবুক পোস্টে জানান, দুপুর ১২টার পর থেকে রাত ১২টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রংপুর বিভাগে নীলফামারী ও পঞ্চগড় এলাকা দিয়ে শুরু হওয়া কালবৈশাখী ঝড়টি লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ওপর দিয়ে অগ্রসর হতে পারে।
রাজশাহী বিভাগে বগুড়া ও সিরাজগঞ্জে ঝড়ের প্রভাব পড়তে পারে। ময়মনসিংহ বিভাগের শেরপুর, জামালপুর, নেত্রকোনা ও ময়মনসিংহেও ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট ও সুনামগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্রপাতের আশঙ্কা রয়েছে। খুলনা বিভাগের সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট অঞ্চলেও বৃষ্টি হতে পারে।
ঢাকা বিভাগের গাজীপুর ও কিশোরগঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম বলে জানানো হয়েছে।
এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং পরে দক্ষিণাঞ্চলেও এর প্রভাব পড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


