মুসলমানদের জীবনে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। টানা একমাস সংযমে থেকে পরিশুদ্ধ হৃদয়ে কলুষমুক্ত জীবন, পরিবার ও সমাজ গঠনের অঙ্গীকারে একে অপরকে পরমাবেগে বুকে জড়িয়ে ধরার নামই হলো ঈদ। রমজানের বরকত লাভের জন্য ত্যাগ, কষ্ট-ক্লেশ ও আয়াস সাধ্য-সাধনার পর বহুল প্রতীক্ষিত ঈদ আমাদের জীবনে বয়ে আনে অনাবিল আনন্দ ও সুখসমৃদ্ধি।

ঈদুল ফিতরের দিন ঈদগাহ ও মসজিদে মুসল্লিরা দুই রাকাত ওয়াজিব নামাজ আদায় করেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেশে কোথাও দেখা না যাওয়ায় আগামীকাল শনিবার (২১ মার্চ) বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। এবারও জাতীয় পর্যায়ের প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায়, যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ থেকে শুরু করে সাধারণ মুসল্লিরা একসঙ্গে নামাজ আদায় করবেন। পাশাপাশি বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ রাজধানীর বিভিন্ন মসজিদ ও খোলা ময়দানে একাধিক জামাতের আয়োজন রাখা হয়েছে, যাতে নগরবাসী সহজে অংশ নিতে পারেন।
দেশের বিভিন্ন বিভাগীয় শহরেও কেন্দ্রীয় ঈদগাহ ও প্রধান মসজিদগুলোকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
কোথাও সকাল ৮টা, কোথাও সাড়ে ৮টা কিংবা ৯টায় অনুষ্ঠিত হবে প্রধান জামাত। একই সঙ্গে আবহাওয়ার সম্ভাব্য প্রতিকূলতা বিবেচনায় রাখা হয়েছে বিকল্প ব্যবস্থাও।
সব মিলিয়ে, ঈদের নামাজকে কেন্দ্র করে দেশজুড়ে তৈরি হয়েছে এক আনন্দঘন ও সুশৃঙ্খল পরিবেশ।
রাষ্ট্রপতি মো. সাহাবউদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদগাহের প্রধান জামাতে অংশ নেবেন। বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক এ জামাতে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী।
প্রধান ঈদ জামাতের জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ মাঠ। সেখানে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। প্রধান ঈদ জামাত ঘিরে নিরাপত্তার বন্দোবস্তুও সারা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা নিরাপত্তার আয়োজন পর্য়বেক্ষণ করে আশ্বস্ত করেছেন।
তবে আবহাওয়া প্রতিকূল হলে বা অন্য কোনো অনিবার্য কারণে ঈদগাহের জামাত না হলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হবে।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, প্রতিবছরের মতো এবারো ঈদের দিন পাঁচটি জামাত হবে ঢাকায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। দেশের কোথায়, কখন ঈদের জামাত অনুষ্ঠিত হবে তা একনজরে দেখে নিন।
ঢাকা
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়
ঈদুল ফিতর উপলক্ষে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক জাতীয় ঈদগাহে ইমামতি করবেন। বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা মো. আবু ছালেহ পাটোয়ারী প্রস্তুত থাকবেন।
ঈদের প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে।
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। সকাল ৭টা, সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল ১০টা ৪৫ মিনিটে পর্যায়ক্রমে এসব জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ঈদের প্রথম জামাতে বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান, দ্বিতীয় জামাতে পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী নদভী, তৃতীয় জামাতে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাওলানা জাকির হোসেন, চতুর্থ জামাতে ইমাম প্রশিক্ষণ একাডেমির ধর্মীয় প্রশিক্ষক মাওলানা যোবায়ের আহমেদ আল আযহারী এবং পঞ্চম তথা সর্বশেষ জামাতে ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ ইমামতি করবেন।
এসময় বিকল্প ইমাম হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা শহীদুল ইসলাম প্রস্তুত থাকবেন বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আগারগাঁওয়ে ডিএনসিসির ঈদ জামাত সকাল ৮টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে ঢাকার আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নগরবাসীর জন্য ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। ঈদের দিন সকাল ৮টায় এ ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
এ জামাতে একসঙ্গে প্রায় ১০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন। সেখানে ৫০০ থেকে ৭০০ নারীর জন্য নামাজের পৃথক ব্যবস্থা রাখা হয়েছে।
তবে গত বছরের মতো ঈদ আনন্দ মিছিল বা শোভাযাত্রার কোনো আয়োজন এবার থাকছে না বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান।
সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদ জামাত সকাল ৮টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। এ বছর সেখানে নারীদের জন্য পৃথক নামাজের ব্যবস্থা করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঈদ জামাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামি’আয় দুটি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এরমধ্যে প্রথম জামাত সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। প্রথম জামাতে মসজিদের সিনিয়র ইমাম খতিব হাফেজ মাওলানা নাজীর মাহমুদ এবং দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের সিনিয়র মোয়াজ্জিন এম এ জলিল।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল জামে মসজিদে সকাল ৮টায়, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় এবং ফজলুল হক মুসলিম হলের পূর্ব পাশের খেলার মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জানানো হয়েছে।
অন্যান্য ঈদ জামাত পুরান ঢাকার লক্ষ্মীবাজারের মিয়া সাহেবের ময়দান খানকা শরিফ জামে মসজিদে সকাল ৭টায় এবং গেন্ডারিয়া ঈদ কমিটির ধূপখোলা ময়দান (ইস্ট অ্যান্ড ক্লাব মাঠ), বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ মাদরাসা জামে মসজিদ, পুরান ঢাকার লক্ষ্মীবাজার নূরাণী জামে মসজিদ, মসজিদে বেলাল (রাদি.) গেন্ডারিয়া, মহাখালী কেন্দ্রীয় জামে মসজিদ, সরকারি তিতুমীর কলেজ মাঠ, ঢাকার মান্ডা সোনা মিয়া রোডের বাইতুন নূর জামে মসজিদ, লালবাগ মুন্সী মিয়া জান জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮টায়।
নারিন্দা মুশুরিখোলা দরবার জামে মসজিদ, ঢাকার দক্ষিণ মুগদা রসুলবাদ জামে মসজিদ, ঢাকার জুরাইন বাইতুল জলিল জামে মসজিদে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
এছাড়া বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের উদ্যোগে উত্তর যাত্রাবাড়ী, খিলগাঁও, মাদারটেক, ভাসানটেক, হোমাম্মদপুর, মিরপুর সাড়ে ১১, শান্তিনগর, ডুমনি, পাতিরাসহ বিভিন্ন এলাকায় স্থানীয়ভাবে নির্ধারিত সময় অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে।
বসুন্ধরায় ১৭ ঈদ জামাত
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ১৭টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে মারকাজুল ফিকরিল ইসলামীতে (বড় মসজিদ) সকাল সাড়ে ৬টা, উম্মে কুলসুম জামে মসজিদে (সি ব্লক) পৌনে ৭টা, এফ ব্লক জামে মসজিদে ৭টা, বায়তুল জান্নাত জামে মসজিদে (জি ব্লক) সোয়া ৭টা, বায়তুল আবরার জামে মসজিদে (এম ব্লক) সাড়ে ৭টা, এল ব্লক জামে মসজিদে সাড়ে ৭টা, বায়তুর রহমান জামে মসজিদে (এল ব্লক) সাড়ে ৭টা, বাইতুল কারীম জামে মসজিদে (এল ব্লক) পৌনে ৮টা, জান্নাতুল মাজিদ জামে মসজিদে (এল ব্লক) পৌনে ৮টা, নূর এ মদিনা মসজিদে (এম ব্লক) পৌনে ৮টা, মদিনাতুল উলুমে (কে ব্লক) ৮টায়, আল আকসা জামে মসজিদে (আই ব্লক) ৮টায়, বাইতুস সালাম জামে মসজিদে (এল ব্লক) ৮টায়, এসবিজি করপোরেট জামে মসজিদে (আই ব্লক) সোয়া ৮টায়, বায়তুস সোবহান জামে মসজিদে (আই ব্লক) সোয়া ৮টায়, জে ব্লক জামে মসজিদ সাড়ে ৮টায় ও ফকিহুল মিল্লাত জামে মসজিদে (এন ব্লক) সকাল ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
কিশোরগঞ্জ
প্রতি বছর দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন হয় কিশোরগঞ্জের শোলাকিয়া মাঠে। এবার সেখানে হবে ঈদুল ফিতরের ১৯৯তম জামাত। সকাল ১০টায় এ জামাতে ইমামতি করবেন বড় বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল খায়ের মো. সাইফুল্লাহ।
ঈদের এ জামাতে যাতায়াতের সুবিধার জন্য বরাবরের মতই শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ।
‘শোলাকিয়া এক্সপ্রেস-১’ ভৈরব থেকে সকাল ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল ৮টায় এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ২টায় ভৈরব পৌঁছাবে।
‘শোলাকিয়া এক্সপ্রেস-২’ ময়মনসিংহ থেকে সকাল পৌনে ৬টায় ছেড়ে কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল সাড়ে ৮টায় এবং দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বেলা ৩টায় ময়মনসিংহ পৌঁছাবে।
সবচেয়ে বড় ঈদ জামাত আয়োজনে কয়েক বছর ধরে শোলাকিয়ার সঙ্গে পাল্লা দিয়ে যাচ্ছে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দান। আয়োজকদের দাবি, প্রায় ২২ একর আয়তনের এ মাঠে পাঁচ থেকে ছয় লাখ মানুষ সেখানে একসঙ্গে নামাজ পড়তে পারেন। এ ময়দানে ঈদের জামাত হবে সকাল ৯টায়। ইমামতি করবেন মাওলানা মাহফুজুর রহমান।
এদিকে আবহাওয়া অধিদপ্তর বলেছে, ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম
নগরীতে ঈদুল ফিতরের প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। ইমামতি করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের খতিব হযরতুল সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। সেখানে দ্বিতীয় জামাত হবে সকাল ৮টা ৪৫ মিনিটে।
পাশাপাশি নগরীর লালদীঘির পাড়ে চট্টগ্রাম সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে। এছাড়া সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকী চসিক জামে মসজিদে (সাগরিকা জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন) ঈদ জামাত হবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে সকাল সাড়ে ৮টায় জেলা স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে ঈদ জামাত হবে।
বরিশাল
বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায়। প্রথমবারে মতো এখানে নারীদের নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া জেলায় হাজারের বেশি মসজিদ ও ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়বে মানুষ। সদর উপজেলার চরমোনাই দরবার শরীফ ও উজিরপুরের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদে হবে ঈদ জামাত হবে সকাল ৮টায়।
নগরীর কেন্দ্রীয় জামে কসাই মসজিদে সকাল ৮টায় এবং সকাল ১০টায় দুটি ঈদ জামাত হবে। এবায়েদুল্লাহ মসজিদে প্রথম জামাত হবে সকাল সাড়ে ৮টায়, বেলা ১১টায় হবে দ্বিতীয় জামাত।
বরিশাল বায়তুল মোকাররম মসজিদে সকাল সাড়ে ৭টা ও সাড়ে ৮টায় দুটি জামাত হবে। পোর্ট রোডের কেরামতিয়া জামে মসজিদে সকাল ৭টা ও সকাল ৯টায় দুটি জামাত হবে।
পুলিশ লাইন্স জামে মসজিদে সাড়ে ৭টায় ও সকাল সাড়ে ৮টায় এবং নুরিয়া স্কুল ঈদ গা ময়দানে ৭টায় ও ৮টায় দুটো করে জামাত হবে। আঞ্জুমানে হেমায়েত ইসলাম (গোরস্থান) ঈদগা ময়দানে ঈদ জামাত হবে সকাল সাড়ে ৮টায়।
খুলনা
খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় সার্কিট হাউস ময়দানে। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে খুলনা টাউন জামে মসজিদে সকাল ৮টায় প্রথম জামাত, ৯টায় দ্বিতীয় এবং ১০টায় তৃতীয় জামাত হবে। এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে জামাত হবে। খুলনা সিটি করপোরেশনের ব্যবস্থাপনায় ও ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তত্ত্বাবধানে নগরীর প্রতিটি ওয়ার্ডে পৃথক ঈদের জামাত হবে।
সিলেট
শাহী ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায়। ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা কামাল উদ্দিন আহমদ। একই সময়ে সিলেট নগরীর সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ঈদ জামাত হবে। মাওলানা আব্দুস সালাম আল মাদানী এ জামাতে ইমামতি করবেন। বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে তিনটি জামাত হবে সকাল ৭টা, সকাল ৮টা ও সকাল ৯টায়।
রংপুর
রংপুরে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে সকাল ৮টায় কালেক্টরেট ঈদগাহে। ইমামতি করবেন রংপুর কেরামতিয়া জামে মসজিদের খতিব মাওলানা মো. বায়েজীদ হোসাইন।
আবহাওয়া খারাপ হলে ঈদের প্রধান জামাত হবে রংপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায়। সেখানে সকাল ৯টায় হবে দ্বিতীয় জামাত। এছাড়া মুন্সিপাড়া ঈদগাহে সকাল সাড়ে ৮টায়, হযরত মাওলানা কেরামত আলী (র.) মাজার সংলগ্ন কেরামতিয়া মসজিদে সকাল সাড়ে ৯টায়, মন্ডলপাড়া বড় ঈদগাহ ও দামোদরপুর বড় ময়দানে সাড়ে ৯টায়, মিঠাপুকুর কেন্দ্রীয় ঈদগাহ ৯টায়, বদরগঞ্জ চান্দামাড়ি কারামতিয়া ঈদগাহে সকাল ১০টায়, পীরগাছা জেএন উচ্চ বিদ্যালয় মাঠ, কাউনিয়া কেন্দ্রীয় ঈদগাহ, তারাগঞ্জ চৌপথি ঈদগাহ, পীরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ, বদরগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ও সদর উপজেলা পরিষদ ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে। রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, গঙ্গাচড়ার পাইকান বড় জুম্মা মসজিদ মাঠে সকাল ৯টায়, ধাপ স্টাফ কোয়াটার জামে মসজিদ মাঠে এবং বুড়িরহাট কেন্দ্রীয় ঈদগাহে সকাল ৯টায় ঈদের জামাত হবে। বুড়িরহাট মাঠ ঈদের জামাত হবে সকাল ৯টায়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
ময়মনসিংহ
ময়মনসিংহে সকাল ৮টায় আঞ্জুমান ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত হবে। একই মাঠে দ্বিতীয় জামাত হবে সকাল ৯টায়। জামাত দুটিতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা আতিকুর রহমান। এছাড়া নগরীর বড় মসজিদে সকাল সাড়ে ৮টায়, মাদানী নূর জামে মসজিদ মাঠে সকাল ৭টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল ৯টায়, চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮ টায় ঈদের জামাত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


