দেশীয় প্রযুক্তিতে জাহাজ নির্মাণে নতুন এক মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস (ডিইডব্লিউ) লিমিটেড। বাংলাদেশ কোস্টগার্ডের জন্য পাঁচটি রিভারাইন পেট্রোল ভেসেল (আরপিভি) নির্মাণের কাজ শুরু হয়েছে।

বুধবার (১৭ জুন) ডিইডব্লিউতে এসব ভেসেলের ‘কিল লেইং’ বা নির্মাণকাজ শুরুর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। তারা আনুষ্ঠানিকভাবে ভেসেলগুলোর নির্মাণকাজের সূচনা করেন।
অনুষ্ঠানে নৌবাহিনী, কোস্টগার্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিইডব্লিউ লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোস্টগার্ডের আধুনিকায়ন ও অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রতিটি ভেসেলের দৈর্ঘ্য ৩৮ দশমিক ৫ মিটার, প্রস্থ ৭ দশমিক ৯ মিটার এবং গভীরতা ২ দশমিক ৪৫ মিটার। এগুলোর ওজন ধারণক্ষমতা (ডিসপ্লেসমেন্ট) ২৩২ টন এবং সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৫ নটিক্যাল মাইল।
নৌযানগুলোতে আধুনিক নেভিগেশন রাডার, জিপিএস, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং নাইট ভিশন প্রযুক্তিসহ বিভিন্ন আধুনিক সরঞ্জাম থাকবে। কম গভীর পানিতে চলাচলের উপযোগী এসব ভেসেল নদী, মোহনা ও উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ডের টহল ও অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এছাড়া সীমান্ত নিরাপত্তা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ, সন্ত্রাসবিরোধী অভিযান এবং উদ্ধার কার্যক্রমে এসব ভেসেল ব্যবহার করা হবে।
ডিইডব্লিউ লিমিটেডের নিজস্ব সক্ষমতায় বাস্তবায়িত এই প্রকল্পকে প্রতিরক্ষা শিল্পে আত্মনির্ভরতার দিকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এটি দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশ এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



