দেশজুড়ে চাঁদাবাজদের একটি নিরপেক্ষ তালিকা তৈরির কাজ শুরু করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। শনিবার (১১ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তালিকা

Advertisement

তিনি জানান, তালিকা প্রস্তুত হওয়ার পর এতে অন্তর্ভুক্ত সকলের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় এই কার্যক্রম শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইন্তেখাব চৌধুরী বলেন, র‍্যাবের ১৫টি ব্যাটালিয়ন ইতোমধ্যে মাঠে নেমেছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তালিকায় যার নামই আসবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

তালিকা তৈরির নির্দিষ্ট সময়সীমা উল্লেখ না করলেও তিনি জানান, কাজ শেষ হলেই দ্রুত অভিযান শুরু করা হবে—এমনকি তা যেকোনো সময় শুরু হতে পারে।

রাজনৈতিক ব্যক্তিদের নাম তালিকায় থাকলে কী করা হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো প্রক্রিয়াটি হবে সম্পূর্ণ নিরপেক্ষ। কোনো পক্ষপাতিত্ব করা হবে না; অপরাধী যেই হোক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, চাঁদাবাজি একটি নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ নয়। মহাসড়ককেন্দ্রিক পরিবহন খাত, বাজারে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়, বিভিন্ন প্রতিষ্ঠানে চাপ প্রয়োগ—সব ধরনের চাঁদাবাজিকে এই তালিকার আওতায় আনা হচ্ছে। ছোট-বড় সব পর্যায়ের অপরাধীদের অন্তর্ভুক্ত করা হবে।

রাজধানীর একটি কিডনি হাসপাতালে চাঁদা দাবির সাম্প্রতিক অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি প্রথমে পুলিশের কাছে এসেছে এবং তদন্ত চলছে। একই সঙ্গে র‍্যাবও আলাদাভাবে বিষয়টি খতিয়ে দেখছে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রামে সাম্প্রতিক বড় ইয়াবা চালান জব্দের বিষয়ে তিনি বলেন, সাধারণত মাঠ পর্যায়ে নিম্নস্তরের সদস্যরা ধরা পড়ে। তবে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মূল হোতাদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত থাকে। এটি সময়সাপেক্ষ হলেও অভিযান চলমান রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.