বাংলাদেশ ব্যাংক সব ধরনের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের আর্থিক প্রতারণার ঝুঁকি এড়াতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) রাতে বাংলাদেশ ব্যাংক তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ বিষয়ে একটি সতর্কবার্তা প্রকাশ করে।

সতর্কবার্তায় বলা হয়েছে, সম্প্রতি কিছু অননুমোদিত তৃতীয় পক্ষের প্রতিষ্ঠান গ্রাহকদের ডেবিট ও ক্রেডিট প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভন দেখাচ্ছে। এ প্রক্রিয়ায় কার্ড নম্বর, মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং সিভিভি (সিভিভি) নম্বরসহ গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব প্রতিষ্ঠান কোনো ব্যাংক বা নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদিত নয়। ফলে এ ধরনের কার্যক্রমে একাধিক ঝুঁকি তৈরি হতে পারে, যার মধ্যে রয়েছে—
ক. কার্ডের গোপন তথ্য ফাঁস হয়ে জালিয়াতির আশঙ্কা
খ. অননুমোদিত লেনদেন সংঘটিত হওয়ার সম্ভাবনা
গ. গ্রাহকের আর্থিক ক্ষতি ও তথ্য নিরাপত্তা বিঘ্নিত হওয়া
ঘ. সামগ্রিক কার্ড ব্যবস্থায় নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পাওয়া
সতর্কবার্তায় আরও বলা হয়েছে, কোনো অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কার্ড সংক্রান্ত তথ্য প্রদান করা যাবে না এবং প্লাস্টিক কার্ডকে মেটাল কার্ডে রূপান্তরের প্রলোভনে সাড়া না দেওয়ার জন্য সব গ্রাহককে অনুরোধ করা হয়েছে। কার্ড সম্পর্কিত যেকোনো সেবা শুধুমাত্র সংশ্লিষ্ট ব্যাংকের অনুমোদিত চ্যানেলের মাধ্যমে গ্রহণ করতে হবে।
গ্রাহকদের উদ্দেশে বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সংশ্লিষ্ট ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার। কোনো অবস্থাতেই ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড এবং কার্ডের গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করা যাবে না। কোনো সন্দেহজনক বিষয় দেখা গেলে সঙ্গে সঙ্গে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


