ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই এবার স্থানীয় সরকারের বড়ো তিন মহানগরীর ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের আয়োজন করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসির নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো চিঠিগুলো কমিশনে উপস্থাপনের প্রক্রিয়া চলছে। এরপরই আনুষ্ঠানিকভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
স্থানীয় সরকার বিভাগের সচিবের পাঠানো আলাদা দুটি চিঠিতে জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিলো ২০২০ সালের দুই জুন। সেই হিসেবে গত বছরের এক জুন এই সিটির পাঁচ বছরের মেয়াদ পূর্ণ হয়েছে। অন্যদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা হয়েছিল ২০২০ সালের তিন জুন, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের দুই জুন।
এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি। আইন অনুযায়ী, এই সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজনের আইনি বাধ্যবাধকতা রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
২০২৪ সালের জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে তৎকালীন মেয়র ও কাউন্সিলরদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার ১২টি সিটি করপোরেশনসহ বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে বর্তমানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করছেন ডা. শাহাদাত হোসেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


