টানা পাঁচ দিনের আউটডোর শুটিং শেষে ঢাকায় ফিরে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তরুণ অভিনেতা আব্দুল্লাহ আল সেন্টু। মানিকগঞ্জে শুটিং শেষে রামপুরার ভাড়া বাসায় ফিরে তিনি দেখেন, ঘরের প্রায় সবকিছুই লুট হয়ে গেছে। শুধু চুরি নয়, বাসার ভেতরে চালানো হয়েছে রীতিমতো ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ। অভিনেতার ভাষায়, এটি ফাঁকা বাসায় সাধারণ চুরি নয়, পরিকল্পিত ডাকাতি।

এ ঘটনায় রোববার (১ ফেব্রুয়ারি) রামপুরা থানায় লিখিত অভিযোগ করেছেন অভিনেতা। অভিযোগে তিনি উল্লেখ করেন, লিটন ও এনায়েত নামে দুজনের যোগসাজশে অজ্ঞাতপরিচয় একটি দল তার বাসায় ভাঙচুর চালিয়ে মূল্যবান মালামাল নিয়ে যায়। অভিনেতা জানান, গত ২৫ জানুয়ারি বিকেলে শুটিংয়ের কাজে মানিকগঞ্জে যান তিনি। এরপর ৩০ জানুয়ারি রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকায় ফিরে দারোয়ানের সহায়তায় বাসার তালা খুলে ভেতরে ঢুকতেই তিনি হতবাক হয়ে যান। ঘরের আসবাব ও প্রয়োজনীয় জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে ছিল এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী খুঁজে পাননি।
চুরি হওয়া জিনিসের তালিকায় রয়েছে একটি ২ টেরাবাইট হার্ডড্রাইভ, যেখানে প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি সিনেমার চূড়ান্ত ফুটেজ সংরক্ষিত ছিল। এ ছাড়া একটি মোবাইল ফোন, সিলিং ফ্যান, গ্যাস কার্ড, চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের ‘বেস্ট রাইজিং স্টার’ সম্মাননা স্মারক, কাপড়চোপড়, জুতা ও ইস্তিরিও খোয়া গেছে।
শুটিং শেষে ঘরে ফিরে এমন ঘটনার মুখোমুখি হওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত অভিনেতা সেন্টু। বিশেষ করে একটি সিনেমার গুরুত্বপূর্ণ ফুটেজ হারিয়ে যাওয়ায় তার উদ্বেগ আরও বেড়েছে। সেন্টু বলেন, শুটিংয়ের জন্য ঢাকার বাইরে ছিলাম। ফিরে এসে দেখি বাসায় ভাঙচুর করা হয়েছে। থানায় ডাকাতির মামলা করতে চেয়েছিলাম, কিন্তু পুলিশ মামলা নেয়নি লিখিত অভিযোগ হিসেবে গ্রহণ করেছে। তিনি আরও দাবি করেন, ঘটনাটি ঘটার পর পাঁচ দিনেও তাকে কেউ বিষয়টি জানায়নি। এমনকি এ ঘটনায় বাসার মালিকের ভূমিকাও সন্দেহজনক বলে অভিযোগ করেন অভিনেতা।
থানায় দাখিল করা অভিযোগপত্রে তিনি উল্লেখ করেন, দারোয়ানের কাছ থেকে তিনি জানতে পারেন, ২৫ জানুয়ারি সন্ধ্যার দিকে ১৫ থেকে ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তি বাসার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মালামাল নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাসার ভেতরের অবস্থা ভিডিও করে এবং নতুন তালা লাগিয়ে চলে যায়।
এদিকে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম গণমাধ্যমে জানান, অভিনেতার লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
প্রসঙ্গত, অ্যান্থলজি ওয়েব সিরিজের ‘বাংকার বয়’ দিয়ে দর্শকের মন জয় করেছেন তিনি। এরপর ‘কারাগার’, ‘শুক্লপক্ষ’, ‘পুনর্জন্ম ৩’, ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর মতো জনপ্রিয় কিছু নির্মাণে অভিনয় করে মুগ্ধতা ছড়িয়েছেন। ‘সাঁতাও’ সিনেমায় অভিনয় করেও প্রশংসা পেয়েছেন এই অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


