ঈদ-উল-আজহার সকালে ভোর থেকেই রাজধানীতে রোদের দেখা মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী তিন ঘণ্টার মধ্যে ঢাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কার কথাও বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া পূর্ব কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
২৪ ঘণ্টায় রাজধানীতে ২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। এর আগে বুধবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক সতর্কবার্তায় বলা হয়েছে, দিনের প্রথমার্ধে রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই ঝড়ো হাওয়া প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে বৃষ্টি ও বজ্রপাতও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



