সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি। কিন্তু ব্যস্ত আধুনিক জীবনে অনেকেই নিয়মিত কম ঘুমান, যার প্রভাব পড়ছে সরাসরি মস্তিষ্কের ওপর। সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে, দীর্ঘদিন ঘুমের ঘাটতি থাকলে মস্তিষ্কের গুরুত্বপূর্ণ কোষগুলো ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইতালির ইউনিভার্সিটি অফ ক্যামেরিনো–এর গবেষকদের পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, পর্যাপ্ত ঘুম না হলে স্নায়ু কোষ বা নিউরনকে রক্ষা করা যে চর্বিযুক্ত আবরণ রয়েছে, সেটি দুর্বল হয়ে পড়ে। এর ফলে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা ও মানসিক প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতে পারে।
বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সায়েন্সঅ্যালার্ট–এর প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন পরীক্ষায় গবেষকেরা লক্ষ্য করেছেন—এই ক্ষতির পেছনে মূল ভূমিকা রাখে ‘অলিগোডেন্ড্রোসাইট’ নামের এক ধরনের কোষের রাসায়নিক ভারসাম্যহীনতা। এই কোষগুলো শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, যা স্নায়ু কোষের চারপাশে থাকা মায়েলিন নামের সুরক্ষামূলক আবরণ তৈরিতে অপরিহার্য।
গবেষণায় নিশ্চিত করা হয়েছে, অলিগোডেন্ড্রোসাইট কোষের কার্যকারিতা নষ্ট হলে মায়েলিনের স্থায়িত্ব কমে যায়। এর ফলে স্নায়বিক সংকেতের গতি ধীর হয় এবং আচরণগত সমস্যার ঝুঁকি বাড়ে—যার সঙ্গে ঘুমের অভাবের সরাসরি সম্পর্ক রয়েছে।
গবেষকেরা আরও জানান, দীর্ঘ সময় ধরে ঘুমের ঘাটতি হলে মাইক্রোগ্লিয়া নামের আরেক ধরনের কোষ সক্রিয় হয়ে ওঠে। এসব কোষ তখন অতিরিক্তভাবে ফ্যাগোসাইটিক বা কোষের বর্জ্য গ্রাস করার কাজে যুক্ত হয়, যদিও বড় ধরনের নিউরোইনফ্লামেশনের লক্ষণ দেখা যায় না। এতে বোঝা যায়, দীর্ঘমেয়াদি ঘুমের অভাব মাইক্রোগ্লিয়াকে প্রভাবিত করে এবং মস্তিষ্ককে অন্যান্য স্নায়বিক সমস্যার প্রতি আরও সংবেদনশীল করে তোলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


