বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানিয়েছেন, বুধবার (২২ এপ্রিল) দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৬ হাজার মেগাওয়াট, কিন্তু উৎপাদন হয়েছে ১৪ হাজার ১২৬ দশমিক ৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ২ হাজার ৮৬ মেগাওয়াট ঘাটতি তৈরি হয় এবং বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে জনগুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি এ তথ্য তুলে ধরেন।
লোডশেডিংজনিত ভোগান্তির কথা স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, “এই তীব্র গরমে মানুষ বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হচ্ছেন—এটা অস্বীকার করার সুযোগ নেই। এটি বর্তমান সরকারের একক সমস্যা নয়, পূর্ববর্তী সরকারের অব্যবস্থাপনাও এর জন্য দায়ী। কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা বেশি দেখালেও বাস্তবে তার সঙ্গে অসামঞ্জস্য রয়েছে।”
তিনি আরও জানান, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দল একসঙ্গে আলোচনা করেছে এবং একটি সমন্বিত অবস্থান তৈরির চেষ্টা চলছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী ১০ সদস্যের একটি কমিটি গঠনের প্রস্তাব দিয়েছেন, যা ভবিষ্যতে সমন্বিত জ্বালানি ব্যবস্থাপনায় ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রীর মতে, বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে বিরোধী দলের সঙ্গেও আলোচনা করে প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করা হচ্ছে, যা দেশের জন্য একটি ইতিবাচক অগ্রগতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


