ছয়টি সিটি কর্পোরেশনে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলীয় ব্যক্তি নিয়োগ দিয়ে সরকার জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণা করেছে, উল্লেখ করে জামায়াত বলছে, এর মাধ্যমে আরেকটি পাতানো নির্বাচনের গভীর ষড়যন্ত্র করা হচ্ছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে এ অভিযোগ করেছেন।
তিনি বলেন, “গত ২২ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে সরকারের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খুলনা সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও গাজীপুর সিটি কর্পোরেশন-এ দলীয় ব্যক্তিদের সরকার কর্তৃক প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সদ্য গঠিত বিএনপি সরকার এ সিদ্ধান্তের মাধ্যমে শুরুতেই জনআকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে।”
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, “জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল— বৈষম্যহীন ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তোলা, গণহত্যার বিচার কার্যক্রম সম্পন্ন করা এবং প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নেওয়া। এর প্রথম ধাপ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। স্বাভাবিকভাবেই পরবর্তী পদক্ষেপ হিসেবে জনগণের প্রত্যাশা ছিল, গণতান্ত্রিক পদ্ধতিতে স্থানীয় সরকারসমূহে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকেও স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।”
“এমন পরিস্থিতিতে ছয়টি সিটি কর্পোরেশনে সরকারদলীয় পদধারীদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকার জনআকাঙক্ষার বিপরীতে অবস্থান নিয়েছে। এটি নৈতিকভাবে অত্যন্ত গর্হিত এবং জনগণের সঙ্গে সুস্পষ্ট প্রতারণার শামিল। এতে জনমনে গভীর সন্দেহের উদ্রেক হয়েছে যে, সরকারের এ পদক্ষেপ স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্রের অংশ এবং একইসঙ্গে আরেকটি পাতানো নির্বাচনের প্রাথমিক ধাপ”, বলেন মিয়া গোলাম পরওয়ার।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সরকারের এ পদক্ষেপ গ্রহণের প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামী দলীয় ব্যক্তিদের নিয়োগ বাতিল করে অনতিবিলম্বে সিটি কর্পোরেশনসহ সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণার জোর দাবি জানিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


