বরিশাল জেলা পুলিশের উজিরপুর মডেল থানার দুই সদস্যের ডোপ টেস্টের (মাদক পরীক্ষা) ফলাফল পজিটিভ এসেছে।

মাদকমুক্ত পুলিশ বাহিনী গড়ার লক্ষ্যে চলমান বিশেষ ‘শুদ্ধি অভিযানে’র অংশ হিসেবে তাদের এই পরীক্ষা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ ও ১৮ এপ্রিল উজিরপুর মডেল থানার পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষায় প্রাথমিকভাবে দুইজনের শরীরে মাদকের উপস্থিতি শনাক্ত হয়।
তদন্তের স্বার্থে এবং ফলাফল চূড়ান্তভাবে নিশ্চিত হতে অভিযুক্ত ওই দুই পুলিশ সদস্যের পরিচয় এখনই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
প্রাথমিক পরীক্ষার ফল পুনঃযাচাই করতে তাদের নমুনা পুনরায় পরীক্ষার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে।
বর্তমানে ওই দুই সদস্যকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করে রাখা হয়েছে। জেলা পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে, মাদকমুক্ত বাহিনী নিশ্চিত করতে জেলার ১০টি থানার সব সদস্যকে পর্যায়ক্রমে এই ডোপ টেস্টের আওতায় আনা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় উজিরপুর থানার সদস্যদের নমুনা নেওয়া হয়।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ সদস্যদের দেহে মাদকের উপস্থিতি পাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


