ধর্ষণ প্রতিরোধে কোরআনের আইন বাস্তবায়ন এবং ধর্ষকদের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন ইসলামি বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

বৃহস্পতিবার (২১ মে) রাতে রাজশাহীর সিটি বাইপাস রোডে অনুষ্ঠিত তাফসিরুল কোরআন মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যটি ‘তানভির টিভি-২৪’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে।
বক্তৃতায় তিনি বলেন, দেশের বিদ্যমান আইন অনুযায়ী ধর্ষণ মামলার সঠিক বিচার নিশ্চিত হচ্ছে না। তার মতে, সত্যিকারের বিচার প্রতিষ্ঠা করতে হলে কোরআনের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, এই বিধান সংসদে কার্যকর করা হলে সমাজে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং যুবসমাজ নৈতিকভাবে নিয়ন্ত্রিত থাকবে।
আমির হামজা বলেন, ওয়াজ-মাহফিল, তাফসির অনুষ্ঠান কিংবা বিভিন্ন সভা-সমাবেশে বক্তব্য দিয়ে ধর্ষণ সম্পূর্ণভাবে বন্ধ করা সম্ভব নয়, যদি না দেশে শরিয়াহভিত্তিক আইন কার্যকর করা হয়।
তিনি ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বলেন, তিন কন্যার জনক হিসেবে তিনি এই ধরনের অপরাধে গভীরভাবে মর্মাহত হন এবং ভুক্তভোগী শিশুদের কষ্ট তাকে নাড়া দেয়।
রামিসা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে তিনি অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বলেন, এ ধরনের অপরাধীদের শুধু কারাদণ্ড বা জরিমানা যথেষ্ট নয়, বরং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা উচিত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



