অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

এদিন দুদক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারপূর্বক নানাবিধ অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস, ফুটপাতে দোকান বরাদ্দ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য নানাবিধ বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ৮ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারায় অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মোহাম্মদ এজাজকে নোটিশ দেওয়া হলেও তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি বিদেশে পলায়ন করতে পারেন। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


