বিশ্বের জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা মটোরোলা তাদের অডিও পণ্যের তালিকা আরও সম্প্রসারণ করেছে। প্রতিষ্ঠানটি একসঙ্গে দুটি নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড বাজারে এনেছে—মোটো বাডস ২ এবং মোটো বাডস ২ প্লাস। নতুন এই দুই মডেলে ডায়নামিক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনসহ বেশ কিছু উন্নত প্রযুক্তি যুক্ত করা হয়েছে।

দুটি ইয়ারবাডেই এলএইচডিসি সমর্থিত হাই-রেজোলিউশন অডিও, স্পেশিয়াল অডিও এবং মোটো বাডস অ্যাপের মাধ্যমে বিভিন্ন স্মার্ট ফিচার ব্যবহার করা যাবে। এর মধ্যে মোটো বাডস ২ প্লাস মডেলে উন্নত অডিও অভিজ্ঞতার জন্য সাউন্ড বাই বস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অন্যদিকে মোটো বাডস ২ মডেলে ডুয়াল-ড্রাইভার সাউন্ড এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের ওপর জোর দেওয়া হয়েছে।
মোটো বাডস ২ প্লাসে রয়েছে ১১ মিমি ডায়নামিক ড্রাইভার, যা নোওয়েলস ব্যালেন্সড আর্মেচারের সঙ্গে কাজ করে। এই মডেলটি লো-লেটেন্সি হাই-ডেফিনিশন অডিও কোডেক, স্পেশিয়াল অডিও এবং হাই-রেজোলিউশন অডিও সমর্থন করে।
ইয়ারবাড দুটি ডায়নামিক অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন সুবিধা প্রদান করে। পাশাপাশি পরিবেশগত শব্দ কমানোর জন্য ছয়টি মাইক্রোফোন এবং কলের সময় উচ্চ সিগন্যাল-টু-নয়েজ অনুপাত নিশ্চিত করা হয়েছে। ব্যবহারকারীরা মোটো বাডস অ্যাপের মাধ্যমে ক্রিসটালটক এআই ফিচার চালু করে এআই-ভিত্তিক ভয়েস নয়েজ রিডাকশন সুবিধাও পেতে পারেন।
এছাড়া দুটি মডেলই একসঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে সংযোগ করার জন্য ডুয়াল কানেকশন সমর্থন করে এবং ব্লুটুথ ৬.০ প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত হয়। মোটো বাডস অ্যাপের মাধ্যমে অডিও শেয়ার, ওয়্যার ডিটেকশন, গেমিংয়ের জন্য কম ল্যাটেন্সি মোড এবং কাস্টমাইজযোগ্য টাচ কন্ট্রোলের মতো ফিচার ব্যবহার করা যাবে।
ব্যাটারির দিক থেকেও উল্লেখযোগ্য সুবিধা দিয়েছে মটোরোলা। কোম্পানির দাবি, মোটো বাডস ২ প্লাস একবার চার্জে প্রায় ৯ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৪০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক দিতে সক্ষম। অন্যদিকে মোটো বাডস ২ একবার চার্জে প্রায় ১১ ঘণ্টা এবং কেসসহ সর্বোচ্চ ৪৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা যাবে। এছাড়া মাত্র ১০ মিনিট চার্জ করলেই মোটো বাডস ২ প্রায় তিন ঘণ্টা পর্যন্ত গান শোনার সুবিধা দেয়।
মোটো বাডস সিরিজের এই নতুন ইয়ারবাডগুলোর দাম শুরু হয়েছে ১৪৯ ইউরো থেকে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার টাকার সমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


