তেলেগু তারকা আল্লু অর্জুন এবং জনপ্রিয় পরিচালক অ্যাটলি-এর প্রথম যৌথ কাজকে ঘিরে অনেক দিন ধরেই সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা তৈরি হয়েছিল। এতদিন ছবিটি ‘AA22xA6’ নামে পরিচিত থাকলেও, বুধবার আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে এর আনুষ্ঠানিক নাম ঘোষণা করা হয়। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রাকা’।

জন্মদিন উপলক্ষে আল্লু অর্জুন তার সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটির প্রথম লুক পোস্টার প্রকাশ করেন। সেখানে তাকে এক ভয়ংকর ও শক্তিশালী রূপে দেখা গেছে। বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি হলো, নির্মাতারা পোস্টারটি হিন্দি, ইংরেজিসহ মোট ৯টি ভাষায় প্রকাশ করেছেন, যা ছবিটির প্যান-ইন্ডিয়া মুক্তির ইঙ্গিত দেয়।
পোস্টারটি লক্ষ্য করলে বোঝা যায়, আল্লু অর্জুনের চেহারায় ব্যাপক পরিবর্তন আনা হয়েছে। কৃত্রিম মেকআপের মাধ্যমে তাকে অনেক বেশি বয়সী দেখানো হয়েছে। চোখে গাঢ় কাজল, আর উলের পোশাকের আড়াল থেকে বেরিয়ে আসা বিশাল নখ বা থাবা চরিত্রটির ভয়ংকর দিকটি তুলে ধরছে। পোস্টারের বার্তায় বলা হয়েছে, দর্শকদের এক অসীম কল্পনার জগতে প্রবেশের জন্য প্রস্তুত হতে।
সান পিকচার্স প্রযোজিত এই সায়েন্স ফিকশন ও অ্যাকশন ঘরানার ছবিটি প্রথম ঘোষণা করা হয়েছিল গত এপ্রিলে, আল্লু অর্জুনের আগের জন্মদিনে। এটি তার এবং অ্যাটলির প্রথম প্রজেক্ট। গুঞ্জন রয়েছে, ছবিতে আল্লু অর্জুন চারটি ভিন্ন চরিত্রে—দাদু, বাবা এবং দুই সন্তানের ভূমিকায়—অভিনয় করতে পারেন। এছাড়া গল্পটি দুইটি সমান্তরাল মহাবিশ্বের ধারণার ওপর ভিত্তি করে তৈরি হতে পারে বলেও শোনা যাচ্ছে, যদিও বিষয়টি এখনও নির্মাতারা নিশ্চিত করেননি।
এই বড় বাজেটের ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।
রিপোর্ট অনুযায়ী, ‘রাকা’ ছবির জন্য আল্লু অর্জুন প্রায় ১৭৫ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন এবং পাশাপাশি লাভের ১৫ শতাংশ অংশীদারত্বও পাবেন। অন্যদিকে, পরিচালক অ্যাটলি পাচ্ছেন প্রায় ১০০ কোটি রুপি। ছবিটির মোট বাজেট ধরা হয়েছে প্রায় ৮০০ কোটি রুপি, যার মধ্যে প্রায় ২০০ কোটি প্রযোজনা খরচ এবং ২৫০ কোটি ভিজ্যুয়াল এফেক্টসের জন্য বরাদ্দ।
সব মিলিয়ে, ‘রাকা’ হতে যাচ্ছে ভারতীয় সিনেমার অন্যতম বড় এবং বহুল প্রতীক্ষিত একটি প্রজেক্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


