পাকিস্তানের আলোচিত অভিনেত্রী হানিয়া আমির—সৌন্দর্য ও অভিনয় প্রতিভায় ইতোমধ্যে কোটি দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন। জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে তাকে ঘিরে গুঞ্জনও পিছু ছাড়ে না। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে জোর আলোচনা চলছে তার বিয়ে নিয়ে।

পাকিস্তানি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, গায়ক অসীম আজহারের সঙ্গে হানিয়ার পুরোনো সম্পর্ক নাকি আবার নতুন করে শুরু হয়েছে। শুধু তাই নয়, নেটিজেনদের গুঞ্জন—এই রমজানেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই তারকা জুটি।
খবরে দাবি করা হচ্ছে, খুবই ঘরোয়া আয়োজনে রমজান মাসে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে হানিয়া আমির ও অসীম আজহারের। তবে এখন পর্যন্ত এ বিষয়ে দুজনের কেউই কিংবা তাদের ঘনিষ্ঠ কোনো সূত্র আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি।
এর আগেও কয়েক মাস আগে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, হানিয়া ও অসীম আবার সম্পর্কে জড়িয়েছেন। যদিও সে সময়ও এই দু’জনের কেউ বিষয়টি প্রকাশ্যে স্বীকার বা অস্বীকার করেননি।
একসময় পাকিস্তানি শোবিজ অঙ্গনের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় জুটির মধ্যে ছিলেন হানিয়া আমির ও অসীম আজহার। ২০১৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের সম্পর্ক ছিল বেশ চর্চায়। পরে তাদের বিচ্ছেদ ঘটে। ২০২০ সালে হানিয়া নিজেই জানান, তখন তারা কেবলই ভালো বন্ধু।
হানিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙার পর অসীম আজহার ইনফ্লুয়েন্সার ও অভিনেত্রী মেরুব আলীর সঙ্গে বাগদান সারেন। তবে দীর্ঘ তিন বছর পর, গত বছরের শুরুতেই সেই সম্পর্কের ইতি টানেন তারা। এরপর গত বছরের আগস্টে অসীমের একটি কনসার্টে হানিয়া আমিরকে উপস্থিত থাকতে দেখা গেলে নতুন করে গুঞ্জনের আগুনে ঘি পড়ে।
সব মিলিয়ে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ দেখে নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেছেন। যদিও বাস্তবতা জানতে ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


