ভক্তদের আগ্রহ এবং ঈদের আনন্দ আরও বাড়াতে বঙ্গ অ্যাপে আসছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন ৮টি পর্ব (ঈদ স্পেশাল চ্যাপ্টার-১০)। আগের পর্বগুলোর শেষের রেশ থেকেই শুরু হবে এই নতুন অধ্যায়, যেখানে থাকবে আরও বেশি হাসি, নাটকীয়তা এবং অপ্রত্যাশিত ঘটনা।

এই ঈদ স্পেশাল পর্বগুলোর সবচেয়ে বড় আকর্ষণ হলো ‘আরেফিন’ চরিত্রে জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের প্রত্যাবর্তন। দীর্ঘদিন পর তার ফেরার সঙ্গে ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন পরিস্থিতি সৃষ্টি হবে, এবং কাবিলা-পাশাদের সঙ্গে তার পুরনো রসায়ন কোন দিকে মোড় নেবে—দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পরিচালক কাজল আরেফিন অমি বলেন, “আরেফিন ছাড়া ব্যাচেলর পয়েন্টের মূল গ্যাং অসম্পূর্ণ। সে এই সিরিজের ভিত্তি এবং অন্যতম আবেগের কেন্দ্র। দীর্ঘদিনের দূরত্ব ও অভিমান কাটিয়ে নেহালের উদ্যোগে আমরা শামীম হাসান সরকারকে আবার স্ক্রিনে ফিরিয়েছি। কাবিলা, পাশা, হাবু, নেহাল ও আরেফিন—এই পাঁচ বন্ধুকে দীর্ঘদিন পর একসঙ্গে দেখার অভিজ্ঞতা আমাকে নিজেও ইমোশনাল করেছে। যেহেতু ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর মতো বড় প্রজেক্টের কারণে আমার অন্য কোনো কাজ নেই, তাই এই ঈদে চ্যাপ্টার ১০-কে বিশেষ যত্নের সঙ্গে ঈদ স্পেশাল হিসেবে সাজিয়েছি। আমি বিশ্বাস করি, পুরনো বন্ধুদের আবেগঘন কামব্যাক এবং নতুন গল্প দর্শকদের ঈদের আনন্দকে নতুন মাত্রা দেবে।”
বঙ্গের চিফ অফ কন্টেন্ট মুশফিকুর রহমান বলেন, “পবিত্র ঈদুল ফিতরের আনন্দময় মুহূর্তে লক্ষ লক্ষ ফ্যানের জন্য একটি বিশেষ উপহার নিয়ে আসতে পেরে আমরা আনন্দিত। তাদের ভালোবাসা ‘ব্যাচেলর পয়েন্ট’-কে অসাধারণ সিরিজে পরিণত করেছে। গত ৯ মাসে ৭২টি পর্ব সফলভাবে প্রকাশের পর এবার ঈদের আনন্দ আরও বহুগুণ বাড়ানোর জন্য বঙ্গ অ্যাপে এক্সক্লুসিভভাবে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর নতুন চ্যাপ্টার ১০ (পর্ব ৭৩-৮০) প্রিমিয়ার করা হচ্ছে। ছুটির দিনে পরিবার ও বন্ধুদের সঙ্গে হাসি আর বিনোদন ভাগ করার জন্য এটি দর্শকদের জন্য আমাদের বিশেষ ঈদ উপহার। সকল সমর্থকের প্রতি আমাদের অসংখ্য ধন্যবাদ। ঈদ মোবারক!”
এই সিজনে মূল চরিত্রগুলোতে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলমের পাশাপাশি নতুন চরিত্র হিসেবে তৌসিফ মাহবুব যুক্ত হয়েছেন। আগের মতোই থাকছেন শিমুল শর্মা, লামিয়া লাম ও অন্যান্য পরিচিত চরিত্ররা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


