শহুরে কর্মব্যস্ত জীবনে প্রতিদিনের ক্লান্তি দূর করতে ছুটির দিনে একটু বেশি ঘুমানোর পরিকল্পনা থাকে কমবেশি সবারই। বিশেষ করে ঈদের লম্বা ছুটিতে অনেকেই ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে কাটিয়ে দেন।

কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অতিরিক্ত ঘুম শরীরের জন্য মোটেও ভালো নয়; বরং এটি নানা শারীরিক জটিলতার কারণ হতে পারে।
কতটুকু ঘুম পর্যাপ্ত?
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল স্লিপিং ফাউন্ডেশনের সাম্প্রতিক গবেষণা অনুযায়ী, ১৮ থেকে ৬৪ বছর বয়সী একজন মানুষের সুস্থ থাকার জন্য দৈনিক ৭ থেকে ৯ ঘণ্টা ঘুমই যথেষ্ট। এমনকি মস্তিষ্কের কার্যকারিতা সচল রাখতে ৭ ঘণ্টা ঘুমকেই আদর্শ মনে করেন গবেষকরা।
অতিরিক্ত ঘুমের স্বাস্থ্যঝুঁকি
পর্যাপ্ত ঘুম চেহারা সুন্দর রাখলেও প্রয়োজনের চেয়ে বেশি ঘুমালে শরীরে বিভিন্ন নেতিবাচক প্রভাব পড়ে। অতিরিক্ত ঘুম শারীরিক বৈকল্য ও অবসাদ, বিষণ্ণতা ও মানসিক অস্থিরতা, প্রজনন ক্ষমতা কমে যাওয়া, শরীরে অতিরিক্ত ব্যথা অনুভূত হওয়া এবং স্থূলতা, ডায়াবেটিস ও হৃদ্যন্ত্রের সমস্যার ঝুঁকি বাড়ায়।
বিশেষজ্ঞদের পরামর্শ
ছুটির দিনে ১০-১১ ঘণ্টা ঘুমিয়ে কাটিয়ে দেওয়া কিংবা ২৪ ঘণ্টা ঘুমানোর ইচ্ছা আদতে শরীরকে রোগবালাইয়ের দিকে ঠেলে দেওয়া। তাই ঈদ বা সাপ্তাহিক ছুটির দিনেও প্রতিদিন একই সময়ে ঘুমানো এবং ঘুম থেকে ওঠার অভ্যাস বজায় রাখা জরুরি। নিজেকে ঝরঝরে ও প্রাণবন্ত রাখতে ৭ ঘণ্টার নিয়মিত ঘুমই যথেষ্ট। অযথা অতিরিক্ত ঘুমিয়ে নিজের অজান্তেই বিপদ ডেকে আনবেন না। বরং ঈদের ছুটিতে পরিবার বা প্রিয়জনকে সময় দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


