ঈদুল ফিতর পরবর্তী সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে গ্রীষ্মকালীন সবজির দাম কিছুটা কমেছে। একইসঙ্গে কমেছে ব্রয়লার মুরগির দাম। রমজানে বেড়ে যাওয়া শসা, লেবু ও কাঁচা মরিচের দামও কমে অর্ধেকে নেমে এসেছে। তবে পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকলেও আলুর দাম বেড়েছে।

শুক্রবার (২৭ মার্চ) রাজধানীর শেওড়াপাড়া ও কাজীপাড়া বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। ঈদের ছুটি শেষ হলেও এখনও জমে ওঠেনি রাজধানীর বাজারগুলো।
বাজারে ক্রেতা-বিক্রেতার সংখ্যা অনেকটা কম দেখা গেছে। পাইকারী বাজারে গ্রীষ্মকালীন সবজির সরবরাহ ভালো থাকায় দাম কমতির পথে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজারে গ্রীষ্মকালীন সবজি বরবটি কেজিতে ৪০ টাকা কমে ৮০ টাকা, বেগুন প্রকারান্তরে ৫০ থেকে ৮০ টাকা, কচুরলতি কেজিতে ২০ টাকা কমে ৭০ থেকে ৮০ টাকা, করলা ৫০ থেকে ৮০ টাকা, কেজিতে ৪০ টাকা কমে ঢেঁড়স ৬০ টাকা, কেজিতে ২০ টাকা কমে পটল ৬০ টাকা, কচুরমুখি ৮০ থেকে ১০০ টাকা, সজনে ডাটা ৮০ থেকে ১শ টাকা এবং ধুন্দল ৬০ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে কাঁচা মরিচ ৮০ থেকে ১শ টাকা দরে বিক্রি হচ্ছে। পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, দেশি শসা কেজিতে ৪০ টাকা কমে ৪০ থেকে ৫০ টাকা এবং হাইব্রিড ৩০ কেজি দরে বিক্রি করতে দেখা গেছে।
বাজারগুলোতে এক হালি লেবু ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে দেশি ধনেপাতা ১৮০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ১শ থেকে ১২০ কেজি, পুদিনা পাতা ২শ টাকা কেজি, কাঁচা কলা হালি বিক্রি হচ্ছে ৪০ টাকায়, চাল কুমড়া ৫০ টাকা পিস এবং ক্যাপসিকাম ১শ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজার ঘুরে দেখা গেছে, সোনালি কক মুরগি ৪শ টাকা এবং সোনালি হাইব্রিড মুরগি ৩৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল লেয়ার ৩৩০ টাকা, সাদা লেয়ার ৩২০ টাকা ব্রয়লার মুরগি কেজিতে ৪০ টাকা কমে ১৯০ টাকা এবং দেশি মুরগি ৭শ টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে গরুর মাংস ৮শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, গরুর কলিজা ৮শ টাকা, গরুর মাথার মাংস ৪৫০ টাকা, গরুর বট ৪শ থেকে ৪৫০ টাকা এবং খাসির মাংস কেজি প্রতি ১২শ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
এসব বাজারে শীতকালীন সিম কেজিতে ২০ টাকা বেড়ে প্রকারভেদে ৬০ থেকে ৭০ টাকা, টমেটো প্রকারভেদে ৩০ থেকে ৫০ টাকা, দেশি গাজর ৪০ থেকে ৫০ টাকা, মূলা ৫০ টাকা, ফুল কপি বড় সাইজের প্রতি পিস ৪০ টাকা, বাঁধা কপি ৩০ টাকা এবং লাউ ৪০ থেকে ৬০ টাকা পিস বিক্রি হচ্ছে।
এসব বাজারে শাকের দাম কিছুটা কমেছে। লালশাক আঁটি ১০ টাকা, লাউশাক আঁটি ২০ টাকা, কলমিশাক দুই আঁটি ২০ টাকা, পুঁইশাক ৩০ টাকা এবং ডাটা শাক দুই আঁটি ২০ টাকা, পালংশাক দুই আঁটি ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বাজারগুলোতে আলুর দাম বাড়লেও পেঁয়াজ আগের দামেই বিক্রি হচ্ছে। নতুন আলু কেজিতে পাঁচ টাকা বেড়ে ২৫ টাকা, দেশি পেঁয়াজ ৩০ থেকে ৩৫ টাকা এবং পেঁয়াজ কলি ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে ইলিশ মাছের দাম কিছুটা বেড়েছে। ইলিশ ৩শ গ্রাম ওজনের ১ কেজি মাছ ১২শ টাকা থেকে ১৪শ এবং ৫শ গ্রামের ইলিশ ১৮শ থেকে দুই হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।
এসব বাজারে এক কেজি শিং মাছ চাষের (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৫৫০ টাকায়, দেশি শিং এক হাজার থেকে ১২শ টাকা, প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ৪শ থেকে ৫৫০ টাকায়, দেশি মাগুর মাছ ৮শ থেকে এক হাজার টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪শ টাকায়, চাষের পাঙ্গাস ১৭০ থেকে ২শ টাকায়, চিংড়ি প্রতি কেজি ৮শ থেকে ১৪শ টাকায়, বোয়ালমাছ প্রতি কেজি ৬শ থেকে ৮শ টাকায়, বড় কাতল ৪শ থেকে ৫৫০ টাকায়, পোয়া মাছ ৩৫০ থেকে ৪শ টাকায়, পাবদা মাছ ৪শ থেকে ৪৫০ টাকায়, তেলাপিয়া ২শ টাকায়, কৈ মাছ ২শ থেকে ২২০ টাকায়, মলা ৫শ টাকা, বাতাসি ১৩শ টাকায়, টেংরা মাছ ৬শ থেকে ৮শ টাকা, কাচকি মাছ ৫শ টাকায় এবং পাঁচ মিশালি মাছ ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
বাজারগুলোতে এক ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকায়, হাঁসের ডিম ২শ টাকায়, দেশি মুরগির ডিমের হালি ১শ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


