রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে আটটায়। এই জামাতে প্রধানমন্ত্রী নামাজ আদায় করবেন। আবহাওয়া প্রতিকূল থাকলে বা অতি বৃষ্টির কারণে জাতীয় ঈদগাহে নামাজ সম্ভব না হলে বিকল্প হিসেবে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাতের এই প্রস্তুতি নেওয়া হয়েছে। নগরবাসীর নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ ও পানি সরবরাহসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) জানিয়েছে, ঐতিহ্যবাহী জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০টায় জাতীয় ঈদগাহে এ বিষয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
আব্দুস সালাম জানান, বৃষ্টি হলেও যাতে নামাজে বিঘ্ন না ঘটে, সে জন্য প্যান্ডেলে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক স্তরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। এছাড়া জনসমাগম ও শৃঙ্খলার স্বার্থে জাতীয় ঈদগাহ সংলগ্ন রাস্তায় ট্রাফিক চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পক্ষ থেকে জানানো হয়েছে, আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল আটটায় কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। গত রোববার (১৫ মার্চ) ডিএনসিসি কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
আগারগাঁও ঈদগাহের প্রবেশের জন্য মোট তিনটি গেট থাকবে। নারী মুসল্লিদের জন্য আলাদা প্রবেশপথ ও নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে এ ঈদগাহে।
এদিন মুসল্লিদের জন্য ওজু, পরিচ্ছন্নতা এবং ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) ও ঢাকা ওয়াসার মাধ্যমে বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করা হবে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
দুই সিটি কর্পোরেশনই ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীবাসী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


