ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম বা ভোগান্তি দেখা দিলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার তিনি রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান। মন্ত্রী বলেন, “আগামী তিন দিনে প্রায় দেড় কোটি মানুষ ঢাকাটি ত্যাগ করবেন। এটি আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ, তবে আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবস্থাই আমরা প্রয়োগ করছি। প্রধানমন্ত্রী নিজে সার্বক্ষণিক ঈদযাত্রার খোঁজখবর রাখছেন।”
টার্মিনালের সার্বিক পরিস্থিতি সন্তোষজনক হিসেবে উল্লেখ করে মন্ত্রী জানান, “এ পর্যন্ত সব গাড়ি নির্ধারিত সময়মতো ছেড়ে যাচ্ছে এবং বড় কোনো শিডিউল বিপর্যয় দেখা দেয়নি। যাত্রীদের পক্ষ থেকেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ আমরা পাইনি। বর্তমানে যাত্রী চাপও মাঝারি পর্যায়ে রয়েছে।”
অনিয়ম ও ভোগান্তি রোধে ন্যূনতম পদক্ষেপ হিসেবে টার্মিনালগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মনিটরিং টিমের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। যেখানে আগে ৯ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে ছিলেন, এখন সেখানে ২৪টি মোবাইল কোর্ট কার্যক্রম চালাচ্ছে। এছাড়া হাইওয়ে পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, যানজটপ্রবণ এলাকায় এবং সেতুর পাশে ইফতার সামগ্রী রাখা হয়েছে যাতে যাত্রীরা সুবিধা পান। জরুরি প্রয়োজনে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া মহাসড়কের নির্মাণাধীন এলাকার মালামাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখা হচ্ছে। ঈদের আগে ও পরে মোট ১২ দিন পেট্রোল পাম্প খোলা থাকবে।
পরিবহন মালিক সমিতির সঙ্গে সমন্বয় করার কথাও উল্লেখ করে মন্ত্রী বলেন, “যদি কোনো ধরনের অসংগতি বা অনিয়ম চোখে পড়ে, তা সংবাদ মাধ্যমে তুলে ধরুন। আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


