এআইভিত্তিক ট্রাফিক মনিটরিং ব্যবস্থাকে ফাঁকি দিতে কোনো ধরনের অসদুপায় না অবলম্বন করে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান।

একই সঙ্গে তিনি জানিয়েছেন, এখন থেকে ট্রাফিক আইন অমান্য করলে ন্যূনতম ৫০ শতাংশ মামলা সরাসরি গাড়িচালকের বিরুদ্ধে করা হবে। এতে চালকের ড্রাইভিং লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
আনিছুর রহমান বলেন, এতদিন বেশিরভাগ ক্ষেত্রে মামলা গাড়ির নম্বর প্লেটের ভিত্তিতে করা হতো, যার ফলে মামলাটি শেষ পর্যন্ত মালিকের ওপর গিয়ে পড়ত। কিন্তু দেশে ব্যক্তিগতভাবে গাড়ি চালানোর হার কম হওয়ায় প্রকৃত চালক অনেক সময় ধরাছোঁয়ার বাইরে থেকে যেত।
তিনি আরও বলেন, “আমরা চেষ্টা করছি ন্যূনতম ৫০ শতাংশ মামলা যেন মালিকের পরিবর্তে সরাসরি চালকের বিরুদ্ধে করা যায়। এতে চালককে জরিমানা দিতে হবে এবং একই সঙ্গে ডিমেরিট পয়েন্ট সিস্টেম অনুযায়ী তার লাইসেন্স থেকে পয়েন্ট কাটা যাবে।”
তিনি জানান, ড্রাইভিং লাইসেন্স স্থায়ী বিষয় নয়; এটি পারফরম্যান্সভিত্তিক। তাই চালকের আচরণ ও আইন মানার ওপর ভিত্তি করেই লাইসেন্সের পয়েন্ট নির্ধারণ হবে।
তিনি আরও বলেন, চাকরির ক্ষেত্রে চালকের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট যাচাই করার সংস্কৃতি তৈরি হওয়া উচিত। কম পয়েন্টধারী চালক ও বেশি পয়েন্টধারী চালকের বেতন সমান হওয়া উচিত নয়—এ বিষয়ে পার্থক্য থাকা দরকার।
ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা এবং চালকের তথ্য যাচাইয়ের প্রক্রিয়ায় কোনো আইনি বাধা রয়েছে কি না, তা পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



