দেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে একটি অভিন্ন নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার রাজধানীর ‘দ্য আগা খান একাডেমি ঢাকা’ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার মান, পাঠদানের গুণগত উৎকর্ষ, শিক্ষার্থীদের নিরাপত্তা, জবাবদিহিতা এবং জাতীয় স্বার্থ রক্ষার বিষয়গুলো নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, “আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে শিক্ষার্থীরা শুধু পরীক্ষায় ভালো ফল করবে না, বরং চিন্তা করতে শিখবে, উদ্ভাবন করতে শিখবে এবং নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে। আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে আজকের শিক্ষার্থীরা। তাই তাদেরকে বিশ্বমানের দক্ষতা, মূল্যবোধ ও সৃজনশীলতা দিয়ে গড়ে তোলা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।”
ববি হাজ্জাজ বলেন, “আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই যেখানে বাংলা মাধ্যম, ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম—যে ধারাতেই শিক্ষার্থীরা পড়াশোনা করুক না কেন, সবাই সমানভাবে জাতীয় মূল্যবোধ, নাগরিক দায়িত্ববোধ এবং আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জনের সুযোগ পাবে।”
পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষাপদ্ধতি, শিক্ষার্থী-কেন্দ্রিক পাঠদান এবং নেতৃত্ব বিকাশমূলক কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও গবেষণা, উদ্ভাবন ও সৃজনশীল শিক্ষাকার্যক্রম আরও সম্প্রসারণের আহ্বান জানান।
এ সময় তিনি শিক্ষার্থীদের আয়োজিত ‘স্টুডেন্ট এক্সিবিশন’ ঘুরে দেখেন এবং তাদের বিভিন্ন গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও সৃজনশীল উপস্থাপনা পর্যবেক্ষণ করেন। অনুষ্ঠানে একাডেমির শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



