মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের কারণে সেখান থেকে ইউরোপের দেশগুলোতে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর গত মার্চ মাসে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ সর্বকালে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ইউরোপীয় থিঙ্ক ট্যাঙ্ক ব্রুগেলের তথ্যের ভিত্তিতে এ সংবাদ প্রকাশ করেছে রুশ বার্তা সংস্থা তাস।

জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত রাশিয়া থেকে প্রায় ৬ দশমিক ৮ বিলিয়ন ঘনমিটার এলএনজি আমদানি করেছে ইইউ যা এক বছর আগে একই সময়ে ছিল ৫ দশমিক ৭ বিলিয়ন ঘনমিটার।
মার্চ মাসে ইউরোপে রাশিয়ার এলএনজি সরবরাহ দাঁড়ায় ২ দশমিক ৪৬ বিলিয়ন ঘনমিটার, যা সর্বকালের সর্বোচ্চ।
ব্রুগেলের তথ্য অনুযায়ী, মার্চে ইউরোপের মোট এলএনজি আমদানি ছিল ১৪ দশমিক ১ বিলিয়ন ঘনমিটার যা একটি রেকর্ড বলে উল্ল্যেখ করা হয়েছে। জানুয়ারি-মার্চ সময়ে ইইউর এলএনজি ক্রয় ১০ শতাংশ বেড়ে ৩৯ দশমিক ২ বিলিয়ন ঘনমিটারে পৌঁছেছে।
মার্চে যুক্তরাষ্ট্র (এবং ত্রিনিদাদ ও টোবাগো) থেকে ইইউতে এলএনজি সরবরাহ ফেব্রুয়ারির তুলনায় ৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৮ দশমিক ৩ বিলিয়ন ঘনমিটারে পৌঁছায় যা নতুন রেকর্ড।
জানুয়ারি-মার্চ সময়ে এই দেশগুলো থেকে ইউরোপের গ্যাস আমদানি ২৩ শতাংশ বেড়ে ২৩ দশমিক ৯ বিলিয়ন ঘনমিটার হয়েছে।
বছরের শুরু থেকে ইইউ আফ্রিকা থেকে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ঘনমিটার এবং মধ্যপ্রাচ্য থেকে ২ দশমিক ৫ বিলিয়ন ঘনমিটার এলএনজি আমদানি করেছে।
জানুয়ারির শেষ দিকে ইইউ কাউন্সিল ১ জানুয়ারি ২০২৭ থেকে রাশিয়ার এলএনজি আমদানিতে নিষেধাজ্ঞা এবং ৩০ সেপ্টেম্বর ২০২৭ থেকে পাইপলাইন গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা অনুমোদন করে। তবে কিছু বিধিনিষেধ এর আগেই কার্যকর হবে।
স্বল্পমেয়াদি চুক্তির আওতায় এলএনজি আমদানি ২৫ এপ্রিল ২০২৬ থেকে নিষিদ্ধ করা হবে এবং স্বল্পমেয়াদি পাইপলাইন গ্যাস সরবরাহ চুক্তিগুলো ১৭ জুন ২০২৬-এর মধ্যে শেষ করতে হবে।
২০২৫ সালে ইইউতে রাশিয়ার এলএনজি সরবরাহ ৫ দশমিক ৬ শতাংশ কমে ২০ দশমিক ৩ বিলিয়ন ঘনমিটারে নেমে আসে। সামগ্রিকভাবে ২০২৫ সালে ইউরোপে গ্যাস সরবরাহে রাশিয়ার অবস্থান ছিল চতুর্থ—নরওয়ে, যুক্তরাষ্ট্র এবং আলজেরিয়ার পরে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউরোপীয় ইউনিয়ন যেহেতু রাশিয়ার গ্যাস পুরোপুরি ত্যাগ করার পরিকল্পনা করছে, তাই রাশিয়া আগেভাগেই ইউরোপীয় বাজার থেকে সরে এসে অন্য আগ্রহী ক্রেতাদের কাছে সরবরাহ ঘুরিয়ে দিতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


