চলতি মৌসুমে দারুণ ছন্দে ছিল আর্সেনাল। একসঙ্গে চারটি শিরোপা জয়ের স্বপ্ন দেখছিল দলটি। তবে আন্তর্জাতিক বিরতির আগে ও পরে টানা দুই হারে সেই স্বপ্নে ধাক্কা লাগে মিকেল আর্তেতার শিষ্যদের। লিগ কাপের ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হারার পর এবার এফএ কাপের কোয়ার্টার ফাইনাল থেকেও বিদায় নিতে হয়েছে তাদের।

শনিবার (৪ এপ্রিল) সেন্ট মেরিস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে সাউদাম্পটনের কাছে হেরে যায় আর্সেনাল। সাউদাম্পটনের হয়ে গোল করেন রস স্টুয়ার্ট ও শেয়া চার্লস। আর্সেনালের হয়ে একমাত্র গোলটি করেন ভিক্তর ইয়োকেরেস।
পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়েই ছিল আর্সেনাল। ৬৪ শতাংশ বল দখলে রেখে ২৪টি শট নেয় তারা, যার মধ্যে ৯টি ছিল লক্ষ্যে। অন্যদিকে সাউদাম্পটন মাত্র ৭টি শট নিয়ে ৪টিই লক্ষ্যে রেখে কার্যকর ফুটবল খেলেই জয় তুলে নেয়। আর্সেনালের আধিপত্য থাকলেও কার্যকর সমাপ্তির অভাবে তারা সুবিধা নিতে পারেনি। ফলে দুই শিরোপার স্বপ্ন ভেঙে যায় দলটির।
ম্যাচের ৩৩ মিনিটে গোল করে সাউদাম্পটনকে এগিয়ে দেন রস স্টুয়ার্ট। পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় আর্সেনাল। বদলি হিসেবে মাঠে নামার ৮ মিনিট পরই গোল করে দলকে সমতায় ফেরান ইয়োকেরেস। কাই হাভার্টজের পাস থেকে দারুণ শটে বল জালে জড়ান তিনি।
তবে শেষ রক্ষা হয়নি। ৭৭ মিনিটে বদলি হিসেবে নামা শেয়া চার্লস ৮৫ মিনিটে টম ফেলোসের পাস থেকে গোল করে আবারও সাউদাম্পটনকে এগিয়ে দেন। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি আর্সেনাল।
এদিকে, এর আগেই এফএ কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি ও চেলসি। নরওয়ের তারকা আর্লিং হলান্ডের হ্যাটট্রিকে লিভারপুলকে ৪-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। আর চেলসি ৭-০ গোলের বড় জয় পেয়েছে পোর্ট ভ্যালের বিপক্ষে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


