ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব সর্দার আমিরুল ইসলামকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি এর আগে নিজের ফেসবুক পোস্টে দলের সঙ্গে আর সম্পৃক্ত থাকা সম্ভব নয় বলে জানান।

রোববার (১৭ মে) বিকেলে দেওয়া ওই পোস্টে তিনি উল্লেখ করেন, গত বছরের জুনে এনসিপির লক্ষ্য, আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধা রেখে তিনি দলে যোগ দিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে দলের রাজনৈতিক অবস্থান ও রণকৌশলে পরিবর্তন লক্ষ্য করেন বলে দাবি করেন তিনি।
তার ভাষায়, নির্বাচনকালীন সময়ে ডানপন্থি জোটে যোগদানের সিদ্ধান্ত তার রাজনৈতিক আগ্রহে প্রভাব ফেলে। পরে তিনি দলীয় কার্যক্রম থেকে কিছুটা নিষ্ক্রিয় হয়ে পড়েন এবং পদত্যাগপত্রও জমা দেন। তবে তা গ্রহণ করা হয়নি বলে তিনি জানান।
তিনি আরও বলেন, দলের বর্তমান কার্যক্রমে আগের ঘোষিত আদর্শের প্রতিফলন না থাকায় তার পক্ষে আর দলে থাকা সম্ভব হচ্ছে না।
এরপর রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে এনসিপি তাকে দল থেকে বহিষ্কার করে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বহিষ্কারাদেশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের কারণে তাকে আগেই কারণ দর্শানোর নোটিশ ও সতর্ক করা হয়েছিল। এরপরও তিনি শৃঙ্খলাপরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কারাদেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনার কথা উল্লেখ করা হয়। এতে বলা হয়, তাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ঢাকা মহানগর উত্তর শাখার সদস্যসচিব পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, সর্দার আমিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একসময় ছাত্রদলের কেন্দ্রীয় পর্যায়ের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি এনসিপিতে যোগ দেন।v
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



