পরিবারের সদস্যদের মধ্যে ফ্যামিলি কার্ড মূলত মা ও বোনদের দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হক নুর। তিনি বলেন, গ্রামীণ সমাজে অনেক ক্ষেত্রে নারীরা পারিবারিক নির্যাতন, জিম্মি অবস্থা এবং যৌতুকের চাপের শিকার হন। শ্বশুরবাড়ি থেকে টাকা আনার মতো অজুহাতেও তাদের ওপর চাপ সৃষ্টি করা হয়। এসব পরিস্থিতি থেকে নারীদের সুরক্ষা দেওয়ার একটি মাধ্যম হিসেবে ফ্যামিলি কার্ড কাজ করবে।

শনিবার (১৬ মে) বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের বুধবারিয়া বাজারে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, চরবিশ্বাস ও চরকাজল ইউনিয়ন নদীবেষ্টিত ও বিচ্ছিন্ন চরাঞ্চল। প্রশাসনের কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন এবং এলাকার বাস্তব পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন। তিনি জানান, এ ধরনের প্রত্যন্ত অঞ্চলে প্রথমবারের মতো বড় পরিসরে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে, যেখানে স্থানীয় জনগণ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা একসঙ্গে অংশ নেন।
তিনি আরও বলেন, শুরুতে গলাচিপা ও দশমিনা উপজেলার দুটি ইউনিয়নকে এই কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরবর্তীতে অগ্রাধিকারের ভিত্তিতে ২০টি জেলায় কার্যক্রম শুরু করা হয়েছে। দশমিনার অংশটি আপাতত বাদ পড়লেও তা শিগগিরই অন্তর্ভুক্ত করা হবে।
নুরুল হক নুর বলেন, সরকারের এই ফ্যামিলি কার্ড প্রকল্পের লক্ষ্য হলো প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তা দেওয়া। রাজনৈতিক বিবেচনায় নয়, বরং বাস্তব প্রয়োজন বিবেচনা করেই সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। তিনি জানান, সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডের মাধ্যমে জনগণকে সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে বিভিন্ন খাল খনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পে সঠিক ও মানসম্মত কাজ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন। আগামী দুই বছরের মধ্যে গলাচিপা ও দশমিনা অঞ্চলের অবকাঠামো উন্নয়নে ব্যাপক অগ্রগতি আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
গলাচিপা উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আবু ইউসুফ (বিপিএম সেবা), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এস এম শাহজাদা, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক, সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শিপলু খানসহ অন্যান্যরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



