ফুটবল খেলার মাইকিং করাকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্ৰামবাসী মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত ফরিদপুর-ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে টানা আড়াই ঘণ্টাব্যাপী টর্চলাইট জ্বালিয়ে ৪ গ্ৰামবাসী রক্তক্ষয়ী ওই সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনার পর আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়াও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে মুনসুরাবাদ বাজার বনিক সমিতির সভাপতি জিন্নাত মিয়ার অবস্থা গুরুতর বলে জানা গেছে। সংঘর্ষের পর খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে সংঘর্ষে জড়ানো ব্যক্তিরা নিজ নিজ গ্ৰামে ফিরে যায়। তবে ঘটনার পর থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুই দিন আগে মুনসুরাবাদ গ্ৰামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার বিষয়ে মাইকিং করার সময় পার্শ্ববর্তী গ্রাম খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দার কয়েকজন তাকে মারধরের পাশাপাশি লাঞ্ছিত করে। ওই ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যায় মুনসুরাবাদ বাজার বনিক সমিতির সভাপতি জিন্নাত মিয়াকে এলোপাতাড়ি মারধর করে আহত করে প্রতিপক্ষ।
পরবর্তীতে এর জের ধরে মুনসুরাবাদ গ্ৰামবাসীর সঙ্গে পার্শ্ববর্তী ৩ গ্রামের লোকজন দেশীয় অস্ত্র ছাড়াও ঢাল, সড়কি ইত্যাদি নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। অন্যদিকে খাপুরা, সিংগারডাক ও মাঝিকান্দা গ্ৰামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামিরদী ইউনিয়ন পরিষদের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে প্রায় আড়াই ঘণ্টাব্যাপী থেমে থেমে গ্রামবাসীদের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ছাড়াও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই সময় সংঘর্ষ চলাকালে একাধিক দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এমনকি সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলে গ্ৰামবাসীরা টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
ভাঙ্গা থানার এসআই মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করি। পরবর্তীতে রাত হয়ে যাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের সঙ্গে নিয়ে উভয় পক্ষকেই পিছু হটাতে সক্ষম হই। এরপর আবারও যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে সেজন্য সড়কের দুই পাশে পুলিশ মোতায়েন রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


