ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মাসের প্রথম সাত দিনে দেশে এসেছে ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার, যা দৈনিক গড়ে প্রায় ১১ কোটি ৩৩ লাখ ডলারের সমতুল্য।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, গত বছরের একই সময়ে দেশে প্রবাসী আয় ছিল ৬৫ কোটি ৫০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্সের পরিমাণ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ২২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২১.৭০ শতাংশ বেশি।
এদিকে, জানুয়ারি মাসে দেশে এসেছে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স, যা ইতিহাসে কোনো এক মাসে তৃতীয় সর্বোচ্চ এবং চলতি অর্থবছরের দ্বিতীয় সর্বোচ্চ। ডিসেম্বরের রেমিট্যান্স ছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মাসিক প্রবাসী আয় এবং চলতি অর্থবছরে সর্বোচ্চ।
মোট হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে এখন পর্যন্ত দেশে এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


