বিশ্বকাপ ফুটবলের একটি ম্যাচে রেফারিংয়ে পক্ষপাতের অভিযোগ তুলে ফিফার সভাপতি ও ম্যাচ রেফারির বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় লিখিত অভিযোগ নিয়ে যান এক তরুণ। ম্যাচটিতে পূর্বপরিকল্পিত জালিয়াতি ও কোটি কোটি মানুষের আবেগ নিয়ে খেলার অভিযোগ তুলে ওই তরুণ ৫ কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেন।

অভিযোগকারী মো. রাকিব (২২) সদর উপজেলার মান্দারতলী গ্রামের বাসিন্দা। বুধবার (৮ জুলাই) রাতে তিনি সুধারাম মডেল থানায় অভিযোগ নিয়ে হাজির হন। তবে পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তাদের আইনগত এখতিয়ার নেই।
অভিযোগে রাকিব দাবি করেন, গত মঙ্গলবার রাতে তিনি স্থানীয় করমুল্যা বাজারে আরও অনেকের সঙ্গে বড় পর্দায় আর্জেন্টিনা ও মিসরের মধ্যকার বিশ্বকাপ ফুটবলের ম্যাচটি দেখছিলেন। ম্যাচে রেফারি ইচ্ছাকৃতভাবে একটি দলকে সুবিধা দিয়েছেন এবং এতে তার প্রিয় দল মিসর পরাজিত হয়েছে। তিনি অভিযোগে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, ম্যাচ রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়েরসহ ১৫ থেকে ২০ জনকে অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন। প্রয়োজনে মানববন্ধনসহ অন্য কর্মসূচিও পালন করবেন।
রাকিবের অভিযোগ, ম্যাচে অন্যায্য পেনাল্টি দেওয়া, বৈধ গোল বাতিল করা এবং মিসরের খেলোয়াড় ও কোচের বিরুদ্ধে পক্ষপাতমূলক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ফলাফল প্রভাবিত করা হয়েছে। এতে তিনি ও মিসরের সমর্থকেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি ফিফার কাছ থেকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ এবং অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, ওই তরুণের অভিযোগ নিয়ে আসার বিষয়টি সত্য। তবে এ ধরনের বিষয়ে স্থানীয় থানার আইনগত এখতিয়ার নেই। অভিযোগকারীকে বিষয়টি বুঝিয়ে বলা হয়েছে এবং প্রয়োজন হলে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



