আবির হোসেন সজল : লালমনিরহাটে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই মোটরসাইকেল।

গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা গোয়েন্দা শাখা, লালমনিরহাট ৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ তুহিন ইসলাম (৩০), মোঃ সাদেকুল ইসলাম শাওন (৩৬), মোঃ শিমুল মিয়া (২৮), বাড়ি কালীগঞ্জ মোঃ হাবিবুর রহমান (২৭)।
কালীগঞ্জ ডিবি পুলিশ জানায়, হাতীবান্ধা থানাধীন দোয়ানী পুলিশ ক্যাম্পের সামনে চেকপোস্টে প্রথমে তুহিন ইসলাম ও সাদেকুল ইসলামকে একটি লাল-কালো রঙের ১৫০ সিসি পালসার মোটরসাইকেলসহ গ্রেফতার করা হয়। বাইকটির কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না।
জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যে কালীগঞ্জ থানার কাকিনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে শিমুল মিয়াকে গ্রেফতার করা হয় এবং তার বাড়ি থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার-১৩৫ মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পরবর্তীতে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামে অভিযান চালিয়ে হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তার বাড়ি থেকে একটি কালো-সিলভার রঙের হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা একটি আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য এবং তারা বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করত।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ ঘটনায় হাতীবান্ধা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযানের কার্যক্রম এখনও চলমান বলে জানিয়েছে পুলিশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


