ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে আগামীকাল শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি। আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়ে রবিবার পর্যন্ত চলবে। ফরমের শূল্য রাখা হয়েছে ২ হাজার টাকা। আর ফরম জমা দেওয়ার সময় ৫০ হাজার টাকা জমা দিতে হবে।
প্রসঙ্গত, গতকাল বুধবার সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ১২ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
গতকাল বেলা ১১টায়রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
তিনি জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র দাখিল করতে হবে ইসি সচিবালয়ে।
তফসিলের বিস্তারিত তথ্য তুলে ধরে ইসি সচিব বলেন, ২২ ও ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। আপিল আবেদন করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ হবে ৩০ এপ্রিল।
তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার জন্য রিটার্নিং কর্মকর্তা হিসেবে মইনুদ্দিন খান, সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে মনির হোসেন এবং চারজন পোলিং কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
সংরক্ষিত নারী আসনের রাজনৈতিক দল ও জোটভিত্তিক বণ্টনের বিষয়ে ইসি সচিব জানান, বিএনপি ও তাদের মিত্ররা পাবে ৩৬টি আসন। এই জোটে রয়েছে গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন এবং বাংলাদেশ জাতীয় পার্টি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অন্যদিকে, জামায়াতে ইসলামী ও তাদের জোটে থাকা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস পাবে ১৩টি আসন। এ ছাড়া ছয়জন স্বতন্ত্র এমপি একজোট হয়ে একটি আসন পাবেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও রুমিন ফারহানা কোনো জোটে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


