সরকার জ্বালানি তেল বিতরণ ব্যবস্থাকে আরও শৃঙ্খলিত ও স্বচ্ছ করতে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর উদ্যোগে এই ডিজিটাল ব্যবস্থা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকার দুটি ফিলিং স্টেশনে শুধু মোটরসাইকেল চালকদের জন্য এটি চালু করা হয়েছে। স্টেশন দুটি হলো তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদগেটের সোনারবাংলা ফিলিং স্টেশন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে সনাতন পদ্ধতিতে জ্বালানি বিতরণের কারণে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হয় এবং অনেক সময় একই ব্যক্তি বারবার লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল সংগ্রহ করেন। এতে কৃত্রিম সংকট তৈরি হয়। নতুন ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে এসব অনিয়ম কমানো এবং রিয়েল-টাইম মনিটরিং নিশ্চিত করা সম্ভব হবে।
এই সিস্টেমটি বিআরটিএ-এর কেন্দ্রীয় ডেটাবেসের সঙ্গে সংযুক্ত থাকবে, ফলে যানবাহনের তথ্য যাচাই সহজ হবে। যাদের স্মার্টফোন নেই, তারা ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে কিউআর কোড প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন। পাম্পে স্ক্যান করার মাধ্যমে নির্ধারিত পরিমাণ জ্বালানি গ্রহণ করা যাবে।
ডিজিটাল ফুয়েল পাস ব্যবস্থায় স্বচ্ছতা, কেন্দ্রীয় পর্যায়ে নজরদারি এবং জ্বালানির অপচয় রোধ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সফলভাবে পরীক্ষামূলক পর্যায় শেষ হলে ধাপে ধাপে সারাদেশে এটি চালু করার পরিকল্পনা রয়েছে।
আবেদন করতে গ্রাহকদের fuelpass.gov.bd ওয়েবসাইটে গিয়ে বিআরটিএ নিবন্ধিত গাড়ির তথ্য দিতে হবে। যাচাই শেষে ওটিপি (OTP) ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করা যাবে। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে থাকতে পারে জাতীয় পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ও ছবি।
প্রাথমিকভাবে এটি ঢাকায় মোটরসাইকেল চালকদের জন্য সীমিত আকারে চালু করা হলেও ভবিষ্যতে সব ধরনের যানবাহনের জন্য এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


